মাত্র এক ঘণ্টা অপেক্ষার পর পরিত্যক্ত ভারত–অস্ট্রেলিয়া ম্যাচ, কারণ ‘ফ্লাডলাইট কার্ফু’
ক্যানবেরায় নির্ধারিত ভারত–অস্ট্রেলিয়া প্রথম টি-টোয়েন্টি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। যদিও বৃষ্টি থেমেছিল, তবু রাত ১১টার পর ম্যাচ চালিয়ে যাওয়া সম্ভব হয়নি এক বিশেষ নিয়মের কারণে।
স্থানীয় প্রশাসনের নিয়ম অনুযায়ী, ক্যানবেরার মানুকা ওভালে প্রতি রাতে রাত ১১টার পর ফ্লাডলাইট বন্ধ হয়ে যায়। মাঠের চারপাশে আবাসিক এলাকা থাকায় এই ‘ফ্লাডলাইট কার্ফু’ মানা বাধ্যতামূলক। ফলে, বৃষ্টি থামলেও নির্দিষ্ট সময়ের পর আর খেলা শুরু করা যায়নি।
ভারতীয় ইনিংসের পাঁচ ওভারের মাথায় প্রথমবার বৃষ্টির কারণে খেলা বন্ধ হয় প্রায় ৪০ মিনিটের জন্য। ওভার কমিয়ে দু’দলের জন্যই নির্ধারিত হয় সংক্ষিপ্ত ম্যাচ। কিন্তু ৯.৪ ওভারের সময় ফের প্রবল বৃষ্টি নামলে খেলা স্থগিত হয়।
আম্পায়ারদের হিসাব অনুযায়ী, স্থানীয় সময় রাত ১০টা ২০ মিনিটের মধ্যে খেলা শুরু করা না গেলে ১১টার মধ্যে তা শেষ করা সম্ভব নয়। শেষমেশ নির্ধারিত সময় অতিক্রম করায়, প্রায় এক ঘণ্টা পর আনুষ্ঠানিকভাবে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়।
ছবি: সংগৃহীত