২০৩০ সালের মধ্যে ১০ হাজার কোটির দ্বিপাক্ষিক বাণিজ্যের লক্ষ্য, ভারত–রাশিয়া সম্পর্ক নিয়ে আশাবাদী ভারতীয় দূত
ভারত ও রাশিয়ার মধ্যে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হচ্ছে বলে দাবি করলেন রাশিয়ায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বিনয় কুমার। তাঁর বক্তব্য, আগামী পাঁচ বছরের মধ্যে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ১০ হাজার কোটি টাকায় পৌঁছনো সম্ভব।
সোমবার ৭৭তম সাধারণতন্ত্র দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে রাষ্ট্রদূত জানান, গত এক বছরে ভারত ও রাশিয়ার মধ্যে বাণিজ্যিক লেনদেন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষ করে কৃষি ও সার শিল্প, ইঞ্জিনিয়ারিং এবং বিভিন্ন প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতার সুযোগ বৃদ্ধি পেয়েছে। এই লক্ষ্যে নতুন পণ্য ও বিনিয়োগের ক্ষেত্র চিহ্নিত করা হচ্ছে বলেও জানান তিনি।
বিনয় কুমারের মতে, ভবিষ্যতে মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর হলে দুই দেশের বাণিজ্য লক্ষ্যমাত্রা অর্জন আরও সহজ হবে। পাশাপাশি অর্থনৈতিক সহযোগিতা জোরদার করতে ধারাবাহিক আলোচনাও চলছে।
এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফরের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছিলেন, ২০৩০ সালের আগেই ভারত–রাশিয়া দ্বিপাক্ষিক বাণিজ্যের লক্ষ্যমাত্রা ১০ হাজার কোটিতে পৌঁছানো সম্ভব। সেই সঙ্গে রুশ শিল্পপতিদের ‘মেক ইন ইন্ডিয়া’ কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছিল।
রাষ্ট্রদূত আরও জানান, গত অর্থবর্ষে ভারত রাশিয়া থেকে প্রায় ৬ হাজার ৮৭০ কোটি টাকার অপরিশোধিত তেল আমদানি করেছে। এই মন্তব্য এমন এক সময়ে এল, যখন আন্তর্জাতিক মহলে দাবি করা হচ্ছে যে ভারত রাশিয়া থেকে তেল আমদানি ধীরে ধীরে কমাচ্ছে।