Tranding

২০২৮ সাল পর্যন্ত গ্রিন কার্ড লটারির বাইরে ভারতীয়রা, কড়া সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের

আমেরিকায় অভিবাসনের অন্যতম জনপ্রিয় পথ ‘গ্রিন কার্ড লটারি’ থেকে ২০২৮ সাল পর্যন্ত বাদ পড়ছেন ভারতীয় নাগরিকেরা। অর্থাৎ আগামী তিন বছর ভারতীয়রা মার্কিন গ্রিন কার্ডের জন্য ‘ডাইভারসিটি ভিসা লটারি’তে অংশ নিতে পারবেন না।

ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার হোয়াইট হাউসের ক্ষমতায় ফেরার পর থেকেই অভিবাসন নীতিতে কড়াকড়ি শুরু হয়েছে। প্রশাসনের নতুন নির্দেশ অনুযায়ী, আগামী অন্তত তিন বছর ভারতের নাগরিকেরা এই লটারিতে যোগ দিতে পারবেন না।

‘ডাইভারসিটি ভিসা লটারি’ বা গ্রিন কার্ড লটারির উদ্দেশ্য হল আমেরিকায় অভিবাসীদের মধ্যে বৈচিত্র বৃদ্ধি করা। এই লটারিতে সেই সব দেশ সুযোগ পায়, যেখান থেকে গত পাঁচ বছরে ৫০ হাজারের কম মানুষ আমেরিকায় গিয়েছেন। পরিসংখ্যান অনুযায়ী, ভারত ইতিমধ্যেই সেই সীমা ছাড়িয়ে গিয়েছে।

২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে ভারত থেকে ৩ লক্ষেরও বেশি মানুষ আমেরিকায় গেছেন। এই কারণেই ভারত, চিন, দক্ষিণ কোরিয়া, কানাডা এবং পাকিস্তানের নাম ২০২৬ সালের লটারির তালিকা থেকে বাদ পড়েছে।

ভারতীয়দের জন্য এখন অভিবাসনের বিকল্প পথগুলি হল—এইচ-১বি ভিসাকে স্থায়ী নাগরিকত্বে রূপান্তর, বিনিয়োগ বা পারিবারিক অনুদানের মাধ্যমে আবেদন, অথবা আশ্রয় প্রার্থনা। তবে ট্রাম্প প্রশাসন এই পথগুলিতেও কঠোর নিয়ম চালু করছে।

সম্প্রতি ট্রাম্প-ঘনিষ্ঠ নেতা চার্লি কার্ককে নিয়ে মন্তব্য করায় ছ’জন বিদেশির ভিসা বাতিল করেছে মার্কিন সরকার। এর মাধ্যমে প্রশাসন স্পষ্ট করেছে, ট্রাম্প যুগে মার্কিন অভিবাসন নীতি আরও কঠোর হচ্ছে।

ছবি: আনন্দবাজার

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.