দেশজুড়ে ইন্ডিগোর পরিষেবা বিপর্যস্ত: তিন দিনে ৪০০-র বেশি ফ্লাইট বাতিল, দুর্ভোগে যাত্রীরা
দেশের বৃহত্তম বিমান সংস্থা ইন্ডিগোর পরিষেবা টানা তিন দিন ধরে ব্যাপকভাবে ব্যাহত। অপারেশনাল সমস্যার জেরে সারা দেশজুড়ে ইন্ডিগোর উড়ান বাতিল ও বিলম্বের ঘটনা মারাত্মক আকার ধারণ করেছে। শুক্রবার মধ্যরাত পর্যন্ত দিল্লি বিমানবন্দর থেকে সংস্থার সমস্ত ফ্লাইট বাতিল করা হয়েছে। ইতিমধ্যেই দেশজুড়ে ৪০০-রও বেশি উড়ান বাতিল হয়েছে।
কলকাতা, চেন্নাই, দিল্লি, মুম্বই, হায়দরাবাদ, বেঙ্গালুরুসহ দেশের প্রায় সব প্রধান বিমানবন্দরেই ইন্ডিগোর একের পর এক ফ্লাইট বাতিল হওয়ায় বিপাকে পড়েছেন হাজার হাজার যাত্রী। দীর্ঘ অপেক্ষা, হঠাৎ বাতিল ঘোষণা ও বিকল্প ব্যবস্থা না থাকায় ক্ষোভ বাড়ছে বিমানবন্দরে।
বুধবার থেকে উড়ান বিপর্যয় শুরু
বুধবার দেশজুড়ে প্রায় ২০০টি ফ্লাইট বাতিল করে ইন্ডিগো। দিল্লিতে ৩৮টি, মুম্বই ও বেঙ্গালুরু মিলিয়ে ৭০টিরও বেশি উড়ান বাতিল হয়। হায়দরাবাদেও অসংখ্য ফ্লাইট বন্ধ হয়ে যায়।
বৃহস্পতিবার সকালে পরিস্থিতি আরও খারাপ হয়। দিল্লিতে ৩০টি উড়ান বাতিল হয়। কলকাতা বিমানবন্দরে ৪টি ফ্লাইট বাতিল হয় এবং ২৪টি ফ্লাইট দেরিতে ওঠানামা করে। বিলম্বিত উড়ানগুলোর মধ্যে দুটি আন্তর্জাতিক—একটি সিঙ্গাপুর ও অন্যটি কম্বোডিয়ার সিয়েম রিপগামী।
গতকাল বাতিল হওয়া দিল্লিগামী ইন্ডিগোর উড়ান 6E 2079 অবশেষে আজ সকালে উড়তে সক্ষম হয়।
টাইম পারফরম্যান্সে ধস
ডিসেম্বরের শুরু থেকেই ইন্ডিগোর সময়নিষ্ঠতা চরমভাবে নিম্নগামী।
১ ডিসেম্বর: মাত্র ৪৯.৫% ফ্লাইট সময়মতো
২ ডিসেম্বর: মাত্র ৩৫% ফ্লাইট সময়মতো
দেশের সবচেয়ে বড় এয়ারলাইন্সের এমন দুর্বল পারফরম্যান্সে যাত্রী দুর্ভোগ চরমে পৌঁছেছে।