ইন্দোনেশিয়ায় বন্যা–ভূমিধস: মৃত্যুর সংখ্যা বেড়ে ৯০
ইন্দোনেশিয়ায় টানা বর্ষণজনিত বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৯০–এ দাঁড়িয়েছে। এখনও বহু মানুষ নিখোঁজ থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর সুমাত্রা প্রদেশ, যেখানে ৩৭ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। বিপুল সংখ্যক মানুষ বাড়িঘর হারিয়ে আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে এ তথ্য জানা যায়। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানায়, উত্তর সুমাত্রার ১২টি শহর ও জেলায় ভয়াবহ ক্ষতি হয়েছে। পশ্চিম সুমাত্রা প্রদেশেও কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সংস্থার মুখপাত্র আব্দুল মুহারি। পশ্চিম সুমাত্রার এক বাসিন্দা জানান, রাতের গভীরে হঠাৎ প্রচণ্ড শব্দ শুনে ঘুম ভেঙে যায়। বাইরে এসে দেখেন চারদিকে পানি। কিছুক্ষণের মধ্যেই বাড়ির ভেতর পানি ঢুকে যায়। জীবন বাঁচাতে দড়ি আঁকড়ে ধরে ছিলেন তিনি। এদিকে আচেহ প্রদেশের বেনার মেরিয়া এলাকায় আকস্মিক বন্যা ও ভূমিধসে ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে; নিখোঁজ রয়েছেন আরও ১২ জন। স্থানীয় প্রশাসন জানায়, ক্ষতিগ্রস্ত বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। ভারী মৌসুমি বৃষ্টির ফলে নদীর তীর ভেঙে যাওয়ায় পুরো সুমাত্রা দ্বীপজুড়ে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। অনেক স্থানে সড়ক যোগাযোগ ও বিদ্যুৎ সেবা বিচ্ছিন্ন থাকায় ত্রাণ ও উদ্ধার অভিযান জটিল হয়ে পড়েছে।সরকারি এক বিবৃতিতে মন্ত্রিপরিষদ সচিব টেডি ইন্দ্রা বিজায়া জানান, উদ্ধার তৎপরতা জোরদারে প্রায় ১৫০টি ত্রাণশিবির, ৬৪টি বড় নৌকা এবং আরও ১০০টি সহায়ক ইউনিট ক্ষতিগ্রস্ত অঞ্চলে পাঠানো হয়েছে। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো আচেহ, উত্তর সুমাত্রা ও পশ্চিম সুমাত্রায় দ্রুত ত্রাণ সহায়তা পৌঁছে দিতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দিয়েছেন।