ইরাকের সীমান্তে সম্পন্ন ‘সমন্বিত প্রতিরক্ষা নেটওয়ার্ক’: সব প্রতিবেশী দেশের সঙ্গেই জোরদার নিরাপত্তা বলয়
ইরাকের সীমান্ত রক্ষী বাহিনী জানিয়েছে, দেশটির পুরো সীমান্তজুড়ে একটি “সমন্বিত প্রতিরক্ষা নেটওয়ার্ক” নির্মাণের কাজ প্রায় সম্পন্ন হয়েছে। শনিবার ইরাকি বার্তা সংস্থা আইএনএ–কে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানায় সীমান্ত রক্ষী বাহিনীর কমান্ড।
তারা জানায়, সিরিয়ার সঙ্গে প্রায় ৬১৮ কিলোমিটার দীর্ঘ সীমান্তে ২০২২ সালে নির্মাণ শুরু হওয়া কংক্রিটের নিরাপত্তা দেয়ালের ৩৫০ কিলোমিটার অংশ সম্পন্ন হয়েছে। বাকি অংশে মজবুত প্রতিরক্ষা গড়ে তুলতে কাজ চলছে, যাতে অনুপ্রবেশ ও চোরাচালান সম্পূর্ণভাবে বন্ধ করা যায়।
সীমান্ত রক্ষী বাহিনীর তৃতীয় ব্যাটালিয়ন দুর্গম উপত্যকা ও পাহাড়ি এলাকায় নিয়মিত তল্লাশি অভিযান চালাচ্ছে—যার লক্ষ্য সীমান্ত অঞ্চলে স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করা।
ইরাকি কমান্ড আরও জানায়, সীমান্ত প্রতিরক্ষা শুধু কংক্রিট দেয়ালের মধ্যেই সীমাবদ্ধ নয়। এর সঙ্গে যুক্ত করা হয়েছে—
গভীর খন্দক
কাঁটাতারের শক্ত ব্যারিয়ার
অত্যাধুনিক প্রাথমিক সতর্কীকরণ ব্যবস্থা
দিন–রাত পর্যবেক্ষণযোগ্য নজরদারি ক্যামেরা
তারা জানায়, সকল প্রতিবেশী দেশের সঙ্গে সীমান্তে এই প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। তবে প্রতিটি সীমান্তে নিরাপত্তা হুমকির মাত্রা অনুযায়ী কাঠামো ও প্রযুক্তির ব্যবহার আলাদা রাখা হচ্ছে।
ইরাকের মতে, এ প্রতিরক্ষা নেটওয়ার্ক চালু হলে দেশজুড়ে নিরাপত্তা পরিস্থিতি আরো স্থিতিশীল হবে এবং সীমান্ত অতিক্রম করে সন্ত্রাসী ও চোরাচালান চক্রের অনুপ্রবেশ রোধ করা সম্ভব হবে।