শেখ হাসিনাকে ফেরত চাওয়ার আবেদন পাঠালো বাংলাদেশের অন্তর্বর্তী সরকার, এখন অপেক্ষা নয়াদিল্লির সিদ্ধান্তের
বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে শেখ হাসিনাকে ফেরত দেয়ার জন্য। ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে এবং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ‘মানবতাবিরোধী অপরাধে’ দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দিয়েছেন।
গত বছর কোটা সংস্কার আন্দোলনের পর শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হন এবং আওয়ামী লীগ সরকার পতনের পর তিন দিন পর নোবেল বিজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হন। এরপর থেকে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। বাংলাদেশে তাঁর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মামলা হয় এবং সেই মামলায় ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেয়।
বাংলাদেশের মানবাধিকার সংস্থার রিপোর্ট অনুযায়ী, ২০২৪ সালের ১৫ জুলাই থেকে ১৫ আগস্টের মধ্যে বাংলাদেশে প্রায় ১,৪০০ জন নিহত হয়েছেন। বিক্ষোভ দমনে শেখ হাসিনা ও অন্যান্যদের বিরুদ্ধে নৃশংসতা চালানোর অভিযোগও রয়েছে।
বাংলাদেশের বিদেশমন্ত্রকের উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, ঢাকায় ভারতীয় হাইকমিশনের মাধ্যমে শুক্রবার এই চিঠি পাঠানো হয়েছে। এর আগে গত বছর ডিসেম্বরেও কূটনৈতিক বার্তা পাঠানো হয়েছিল, যা ভারত সরকার গ্রহণ করেছিল, তবে কোন প্রতিক্রিয়া জানায়নি।
ভারত ও বাংলাদেশের মধ্যে বন্দি প্রত্যর্পণ চুক্তি রয়েছে, যা শেখ হাসিনা স্বাক্ষর করেছিলেন। এই চুক্তির আওতায় অপরাধীদের ফেরত দেয়ার নিয়ম থাকলেও, রাজনৈতিক কারণে অভিযোগ থাকলে চুক্তি প্রয়োগযোগ্য হবে না।
এখন দেখার বিষয়, ভারত সরকার বাংলাদেশের আবেদনকে কীভাবে বিবেচনা করে এবং পরবর্তী পদক্ষেপ কী হবে।