এআই প্রযুক্তি যুক্ত উন্নত ক্ষেপণাস্ত্র সক্ষমতা গড়ে তোলার ঘোষণা ইরানের
ইরান তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে স্টেলথ সুবিধা ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) যুক্ত করে আরও উন্নত অস্ত্র ব্যবস্থা তৈরি করতে চায়। দেশটির বিপ্লবী রক্ষী বাহিনী আইআরজিসির প্রধান মেজর জেনারেল মোহাম্মাদ পাকপৌর জানিয়েছেন, ভবিষ্যৎ সংঘাতে প্রতিপক্ষের প্রতিরক্ষা ভেদ করার ক্ষমতা বাড়ানোই এই উদ্যোগের প্রধান লক্ষ্য।
তেহরানের ইমাম হোসেন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, আধুনিক প্রযুক্তি যুদ্ধের চিত্র পাল্টে দিতে পারে। তাঁর বক্তব্যে নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং নির্ভুল আঘাত হানার সক্ষমতাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে তুলে ধরা হয়।
তিনি উল্লেখ করেন, চলতি বছরের জুন মাসে ইসরায়েলের সঙ্গে উত্তেজনার সময় ইরান এমন প্রতিপক্ষের মুখোমুখি হয়েছিল, যাদের হাতে ছিল অত্যাধুনিক সামরিক প্রযুক্তি। পাকপৌরের দাবি, ইরানের পাল্টা আঘাত এবং অভ্যন্তরীণ সংহতির কারণে বিদেশি শক্তিগুলো শেষপর্যন্ত যুদ্ধবিরতিতে রাজি হতে বাধ্য হয়েছিল।
আইআরজিসি প্রধান আরও বলেন, ইরানের সামরিক সক্ষমতা এখন আগের যেকোনো সময়ের তুলনায় আরও দৃশ্যমান ও শক্তিশালী। তাঁর মতে, ভবিষ্যতে ইরানের বিরুদ্ধে কোনো ধরনের হামলা চালানোর আগে শত্রুপক্ষকে সম্ভাব্য কঠোর প্রতিক্রিয়ার কথা বিবেচনা করতে হবে।
ছবি: সংগৃহীত