ইরানের অভিযোগ: পারমাণবিক আলোচনায় আমেরিকার পরস্পরবিরোধী বার্তা
আন্তর্জাতিক পারমাণবিক আলোচনা ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খতিবজাদে মঙ্গলবার অভিযোগ করেন যে যুক্তরাষ্ট্র তৃতীয় দেশগুলির মাধ্যমে ইরানকে "পরস্পরবিরোধী বার্তা" পাঠাচ্ছে।
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে আয়োজিত ১২তম আবুধাবি স্ট্র্যাটেজিক ফোরামে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “ইরান শান্তিপূর্ণ একটি পারমাণবিক চুক্তির পক্ষে, কিন্তু জাতীয় নিরাপত্তার প্রশ্নে কোনও ছাড় দেওয়া হবে না।”
তিনি আরও স্পষ্ট করে বলেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না।
অন্যদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইও জানান, দেশটি এখনও পরমাণু অস্ত্র বিস্তাররোধ চুক্তির (NPT) সদস্য এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (IAEA) পরিদর্শকদের সহযোগিতা করছে। তিনি বলেন, “আমরা কয়েকটি পারমাণবিক স্থাপনায় পরিদর্শন অনুমতি দিয়েছি, যার মধ্যে তেহরান গবেষণা রিঅ্যাক্টরও রয়েছে।”
তিনি আরও দাবি করেন, আন্তর্জাতিক সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি স্বয়ং জানিয়েছেন যে ইরানের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ এবং তার অন্য কোনো উদ্দেশ্য পাওয়া যায়নি।