ইসলামিক সামরিক জোট গঠনের আহ্বান ইরাকের প্রধানমন্ত্রীর
অনলাইন, বঙ্গ দর্পণ:বাগদাদ, ১৫ সেপ্টেম্বর ২০২৫ — গাজা ও কাতারে সাম্প্রতিক ইসরাইলি হামলার প্রেক্ষিতে ইসলামিক সামরিক জোট গঠনের আহ্বান জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি। তিনি বলেছেন, মুসলিম দেশগুলোর যৌথ প্রতিরক্ষা কাঠামো গড়ে তোলা এখন সময়ের দাবি। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে সুদানি বলেন, কাতারে ইসরাইলি হামলা আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন এবং এটি পুরো অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকি। তার ভাষায়, “মুসলিম দেশগুলো আত্মরক্ষার জন্য একটি যৌথ নিরাপত্তা বাহিনী গঠন করতে পারবে না—এর কোনো যুক্তি নেই। এখন আরব ও ইসলামিক দেশগুলোকে রাজনৈতিক, নিরাপত্তা এবং অর্থনৈতিক অংশীদারিত্বের ভিত্তিতে ঐক্যবদ্ধ হতে হবে।” রবিবার দোহায় আরব ও ইসলামি পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে তিনি এ আহ্বান জানান। ওই বৈঠকে সোমবারের জরুরি শীর্ষ সম্মেলনের প্রস্তুতি নেওয়া হয়, যা কাতারের ওপর ইসরাইলি হামলার প্রতিক্রিয়ায় আয়োজন করা হচ্ছে। সেখানে প্রায় এক দশক আগে প্রস্তাবিত যৌথ আরব সামরিক বাহিনী সক্রিয় হওয়ার সম্ভাবনাও আলোচনায় উঠে এসেছে। ইরাকি প্রধানমন্ত্রী সতর্ক করে বলেন, কাতারে আক্রমণের মধ্য দিয়েই ইসরাইলি আগ্রাসন শেষ হবে না। তিনি গাজায় প্রায় দুই বছর ধরে চলা ইসরাইলি সামরিক অভিযানের ফলে সংঘটিত হত্যাযজ্ঞের কথাও উল্লেখ করেন। তার মতে, ইসরাইলকে নিরস্ত করার জন্য ইসলামিক বিশ্বের হাতে রয়েছে “বহুমুখী শক্তিশালী হাতিয়ার”, যা সমন্বিতভাবে ব্যবহার করতে হবে। সূত্র: আনাদোলু এজেন্সি