আমেরিকা কি আফগানিস্তানে হামলা চালাতে চলেছে? ট্রাম্পের হুঁশিয়ারি ঘিরে জল্পনা
আফগানিস্তানকে ফের বিমানঘাঁটি ফিরিয়ে দেওয়ার দাবি জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাবুলের তালিবান সরকারের উদ্দেশে কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি স্পষ্ট জানালেন, “বাগরাম বিমানঘাঁটি ফেরত দিতেই হবে। নইলে ভয়ঙ্কর পরিণতির মুখোমুখি হতে হবে আফগানিস্তানকে।”
ট্রাম্পের এই মন্তব্যের পর আন্তর্জাতিক মহলে জল্পনা তুঙ্গে—তাহলে কি এবার আফগানিস্তানে তালিবান সরকারের উপর সামরিক হামলা চালাতে চলেছে আমেরিকা? যদিও এ বিষয়ে হোয়াইট হাউস এখনও আনুষ্ঠানিকভাবে কোনও পদক্ষেপের ইঙ্গিত দেয়নি।
সূত্রের খবর, প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, আফগানিস্তানের সঙ্গে একাধিক দফায় আলোচনা চলছে। তবে বাগরাম ঘাঁটি ফেরত দেওয়া নিয়ে আমেরিকা অনড়। ট্রাম্পের হুঁশিয়ারি ঘিরে কূটনৈতিক মহলে প্রশ্ন উঠছে, চার বছর ধরে তালিবানের দখলে থাকা আফগানিস্তানে কি ফের মার্কিন সেনা অভিযান শুরু হবে?
এরই মধ্যে পাকিস্তানেও রক্তাক্ত হামলার ঘটনা ঘটেছে। সম্প্রতি পাক সেনার কনভয়ের উপর হামলা চালিয়েছে জঙ্গিরা। গুলি বর্ষণে মুহূর্তে রক্তে ভেসে যায় চারিদিক। এ ঘটনায় অন্তত ১২ জন সেনা নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। পরে ওই হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)।
সব মিলিয়ে দক্ষিণ এশিয়ার পরিস্থিতি ফের অশান্ত হয়ে উঠছে। মার্কিন প্রেসিডেন্টের সাম্প্রতিক হুঁশিয়ারির পর নজর এখন আমেরিকার পরবর্তী পদক্ষেপের দিকে।