ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে গাজায় হামলা, নিহত ৭
গাজা শহর ও উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরাইল ডজন ডজন বিমান হামলা ও গোলাবর্ষণ চালিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বোমাবর্ষণ বন্ধের আহ্বান জানানোর পরও। গাজার সিভিল ডিফেন্স সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলায় সাতজন নিহত হয়েছেন।
সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসসাল জানিয়েছেন, রাতভর চলা হামলায় অন্তত ২০টি বাড়ি ধ্বংস হয়েছে। গাজা শহরের ব্যাপ্টিস্ট হাসপাতাল জানিয়েছে, তুফাহ পাড়ার একটি বাড়িতে হামলায় চারজন নিহত হয়েছেন, আরও কয়েকজন আহত হয়েছেন। খান ইউনিসের নাসের হাসপাতালে জানানো হয়েছে, বাস্তুচ্যুতদের শিবিরে ড্রোন হামলায় দুই শিশু নিহত এবং আটজন আহত হয়েছেন।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইসরাইলকে অবিলম্বে গাজায় বোমাবর্ষণ বন্ধের আহ্বান জানিয়েছিলেন। হামাস কিছু শর্ত মেনে জিম্মিদের মুক্তির প্রস্তাব দেওয়ার পরই এই আহ্বান জানানো হয়।
ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, হামাসের প্রতিক্রিয়ার পর ট্রাম্পের পরিকল্পনার প্রথম ধাপ হিসেবে জিম্মিদের মুক্তি বাস্তবায়নের প্রস্তুতি চলছে।