দক্ষিণ গাজায় ইসরাইলের হামলা, হামাসকে আরও আক্রমণের হুমকি
তেলআবিব, ১৯ অক্টোবর ২০২৫:
ইসরাইলি সেনাবাহিনী রবিবার দক্ষিণ গাজার রাফাহ শহরে নতুন করে বিমান হামলা চালিয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, ফিলিস্তিনি যোদ্ধাদের গুলিবর্ষণের জবাবেই এই হামলা চালানো হয়েছে।
সেনা মুখপাত্রের বিবৃতিতে বলা হয়েছে, “আজ সকালে রাফাহ এলাকায় সন্ত্রাসীরা অ্যান্টি-ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র ছোড়ে এবং ইসরাইলি বাহিনীর ওপর গুলি চালায়, যারা সেখানে সন্ত্রাসী অবকাঠামো ধ্বংসে নিযুক্ত ছিল।”
ইসরাইল জানিয়েছে, প্রতিক্রিয়াস্বরূপ তারা যুদ্ধবিমান ও আর্টিলারি ব্যবহার করে রাফাহ এলাকায় হামলা চালায় এবং বেশ কয়েকটি টানেল ও সামরিক স্থাপনা ধ্বংস করে।
পরে এক নিরাপত্তা কর্মকর্তা জানান, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর গাজায় হামাসের বিরুদ্ধে আরও আক্রমণ চালানো হবে। “হামাসের বিরুদ্ধে অতিরিক্ত হামলা অব্যাহত থাকবে, এটা একেবারেই নিশ্চিত,” বলেন ওই কর্মকর্তা।
এদিকে, ফিলিস্তিনি টেলিভিশন ‘আল-আকসা’ জানিয়েছে, গাজার উত্তরাংশে জাবালিয়ায় ইসরাইলি বিমান হামলায় বহু হতাহত হয়েছে।
ইসরাইলি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছেন পূর্ণ শক্তিতে যুদ্ধ পুনরায় শুরু করতে। তিনি বলেন, “হামাস কখনও তার আচরণ পরিবর্তন করবে না, তাই তাদের সম্পূর্ণ ধ্বংস করাই নিরাপত্তার একমাত্র উপায়।”
অন্যদিকে, গাজা-মিশর সীমান্তের রাফাহ ক্রসিং বন্ধ রাখা হয়েছে এবং উভয় পক্ষই একে অপরকে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত করছে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০ দফা যুদ্ধবিরতি পরিকল্পনা ঘোষণা করেছেন। এই চুক্তি অনুযায়ী, হামাসের ১৩ অক্টোবরের মধ্যে সব জীবিত ও মৃত জিম্মিকে ফেরত দেওয়ার কথা ছিল। তবে ইসরাইল জানিয়েছে, এখনও ২৮ জনের দেহ ফেরত আসেনি ।
সূত্র: আল-শারক আল-আওসাত