গাজা সিটি দখলের জন্য ইসরাইলের চূড়ান্ত স্থল অভিযান শুরু
১৬ সেপ্টেম্বর ২০২৫ — গাজা সিটিতে বিমান হামলার পাশাপাশি ইসরাইল স্থল অভিযান জোরদার করেছে। আজ মঙ্গলবার ইসরাইলি সেনারা গাজা সিটিতে স্থল অভিযানের চূড়ান্ত পর্যায় শুরু করার ঘোষণা দিয়েছেন এবং শহরের বাসিন্দাদের অন্যত্র চলে যাওয়ার নির্দেশ দিয়েছেন। খবর রয়টার্স।
প্রাথমিকভাবে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী খুব কম তথ্য প্রকাশ করেছে। তবে তারা জানিয়েছে, তাদের সেনারা গাজা সিটিতে হামাসের অবকাঠামো ভেঙে ফেলার কাজ শুরু করেছে।
ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ সামাজিক মাধ্যম এক্সে লিখেছেন, “গাজা জ্বলছে। ইসরাইলের সেনারা হামাসের অবকাঠামোয় কঠোর আঘাত করছে এবং জিম্মিদের মুক্তি ও হামাসের পরাজয় নিশ্চিত করতে সাহসিকতার সঙ্গে লড়াই করছে।”
স্থানীয়রা জানিয়েছেন, গত দুই দিনে শহরে বোমাবর্ষণ নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। প্রচণ্ড বিস্ফোরণে অনেক বাড়ি ধ্বংস হয়েছে এবং উপকূলে বিমান, ট্যাঙ্ক ও নৌবাহিনীও অংশ নিয়েছে।
একই সময়ে, দুর্নীতি মামলায় সাক্ষ্যগ্রহণের শুরুতে প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, “আমরা গাজায় একটি উল্লেখযোগ্য অভিযান শুরু করেছি।”
জাতিসংঘের তদন্তকারীরা জানিয়েছেন, ইসরাইল ফিলিস্তিনিদের নির্মূল করার উদ্দেশ্যে গাজায় ‘গণহত্যা’ চালাচ্ছে। জাতিসংঘের ৭২ পৃষ্ঠার স্বাধীন তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক আইন অনুযায়ী পাঁচটি গণহত্যামূলক কর্মকাণ্ডের মধ্যে চারটিই ইসরাইল করেছে। এতে অন্তর্ভুক্ত রয়েছে ফিলিস্তিনিদের হত্যা, গুরুতর শারীরিক ও মানসিক ক্ষতি, ধ্বংসের পরিকল্পিত পরিস্থিতি তৈরি এবং প্রজনন রোধ করা।