লেবানন প্রেসিডেন্টের শান্তি প্রস্তাবে ইসরায়েলের আগ্রাসি প্রতিক্রিয়া; দক্ষিণে তীব্র বিমান হামলা
বৈরুত: লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের দক্ষিণ সীমান্তে উত্তেজনা কমানো এবং স্থায়ী রাজনৈতিক সমাধানের উদ্যোগের জবাবে ইসরায়েল গতকাল (শনিবার) আগ্রাসি সামরিক পদক্ষেপ নিয়েছে। দক্ষিণ ও পূর্ব লেবাননে হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে ইসরায়েল ব্যাপক বিমান হামলা চালায় এবং দক্ষিণাঞ্চলে দুটি লক্ষ্যবস্তুতে হত্যাকাণ্ড (অ্যাসাসিনেশন) পরিচালনা করে।
প্রেসিডেন্ট আউন দক্ষিণ সীমান্তের চলমান সংকটের একটি ‘বাস্তবসম্মত ও কার্যকর’ সমাধান প্রস্তাব করেছিলেন। তাঁর পরিকল্পনায় সীমান্তে স্থিতাবস্থা প্রতিষ্ঠা এবং পরবর্তী পদক্ষেপগুলোকে আরব বিশ্বের অবস্থানের সঙ্গে সমন্বয় করার কথা উল্লেখ ছিল। তাঁর মতে, সংকটের টেকসই সমাধান কেবল কূটনৈতিক পথেই সম্ভব।
সরকারি সূত্র আশারকুল আওসাত–কে জানিয়েছে, প্রেসিডেন্ট আউন বিশ্বাস করেন যে যুদ্ধ কোনো সমাধান নয়, বরং কূটনীতিই একমাত্র বাস্তব পথ। সূত্রটি আরও জানায়, “ইসরায়েল যদি আউনের প্রস্তাবে সাড়া দেয়, তাহলে তা সংকটের দীর্ঘমেয়াদি সমাধানের দ্বার খুলে দেবে। আর যদি ইসরায়েল তা প্রত্যাখ্যান করে, তবে লেবানন আন্তর্জাতিক মহলের কাছে যাবে এবং তেল আবিবের ওপর চাপ সৃষ্টি ও হস্তক্ষেপ চেয়ে আনুষ্ঠানিকভাবে আবেদন জানাবে।”