গাজা যুদ্ধবিরতির প্রথম পর্যায়ের চুক্তিকে স্বাগত জানাল ইসরাইল
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফা শান্তি পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নে সম্মত হয়েছে ইসরাইল ও ফিলিস্তিনের সংগঠন হামাস। বুধবার নিজের সামাজিকমাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, “হামাস ও ইসরাইল আমাদের শান্তি পরিকল্পনার প্রথম পর্যায়ে স্বাক্ষর করেছে।”
এই চুক্তিকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। বৃহস্পতিবার সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তারা জানায়, “ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (IDF) যেকোনো পরিস্থিতির জন্য সম্পূর্ণ প্রস্তুত।”
পোস্টে বলা হয়, চিফ অব স্টাফ ইয়াল জামির সব বাহিনীকে শক্তিশালী প্রতিরক্ষা অবস্থানে থাকতে এবং যেকোনো জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক সাড়া দেওয়ার নির্দেশ দিয়েছেন।
সেনাবাহিনী আরও জানিয়েছে, বন্দি উদ্ধার অভিযান চালানোর জন্যও সৈন্যদের প্রস্তুত থাকতে বলা হয়েছে। এই অভিযান “সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে” পরিচালিত হবে বলে আশা করা হচ্ছে।
এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর ‘ট্রুথ সোশ্যালে’ এক পোস্টে গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপের চুক্তির বিষয়টি নিশ্চিত করেন।