দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর তিন সদস্যকে লক্ষ্য করে হামলার দাবি ইসরায়েলি সেনাবাহিনীর
ইসরায়েলি সেনাবাহিনী রোববার দাবি করেছে, তারা দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় লেবাননি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর তিন সদস্যকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এর এক দিন আগেই ইসরায়েল জানায়, হিজবুল্লাহর একটি কথিত সামরিক স্থাপনায় হামলা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, “দক্ষিণ লেবাননের বিভিন্ন স্থানে হিজবুল্লাহর তিনজন সদস্যকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।” বিবৃতিতে আরও দাবি করা হয়, ওই ব্যক্তিরা হিজবুল্লাহর অবকাঠামো পুনর্গঠনের প্রচেষ্টায় জড়িত ছিলেন, যা ২০২৪ সালের নভেম্বর মাসে ইসরায়েল ও লেবাননের মধ্যে স্বাক্ষরিত সমঝোতার লঙ্ঘন।
এদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণ লেবাননের বিন্ত জবেইল জেলার ইয়াতার এলাকায় একটি মোটরসাইকেলে ইসরায়েলি বিমান হামলায় একজন নিহত এবং একজন আহত হয়েছেন।
একই সময়ে লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানায়, সাফাদ আল-বাতিখ ও বারাশিত গ্রামের মধ্যবর্তী এলাকায় একটি গাড়িকে লক্ষ্য করে ইসরায়েলি ড্রোন হামলা চালানো হয়েছে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ২০২৪ সালে ইসরায়েল ও লেবাননের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি হয়, যার মাধ্যমে এক বছরের বেশি সময় ধরে চলা ইসরায়েল ও হিজবুল্লাহর সংঘর্ষের অবসান ঘটে। ওই সংঘর্ষের চূড়ান্ত পর্যায়ে ইসরায়েলি হামলায় ইরানঘেঁষা এই গোষ্ঠীটি মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়ে। তবে যুদ্ধবিরতির পর থেকে উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ করে আসছে।
এদিকে যুদ্ধবিরতি তদারকির জন্য গঠিত সামরিক কমিশনে অংশ নিতে লেবানন ও ইসরায়েল উভয় দেশই বেসামরিক প্রতিনিধি পাঠিয়েছে। যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের আহ্বানে সাড়া দিয়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে, যা মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এজেন্ডার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে জানানো হয়েছে।
—ফাইল ছবি