পশ্চিম তীরে হামলা ব্যর্থ, ইসরায়েলি সেনাদের গুলিতে এক ফিলিস্তিনি নিহত
তেলআবিব: ইসরায়েলি সেনারা বৃহস্পতিবার পশ্চিম তীরে এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে এবং আরেকজনকে আটক করেছে। সেনাদের দাবি, তারা দুজন একটি নিরাপত্তা চৌকিতে হামলা চালানোর চেষ্টা করেছিল।
ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, দুই হামলাকারী একটি চেকপোস্টে গাড়ি নিয়ে ঢুকে সেনাদের চাপা দেওয়ার চেষ্টা করে। তাদের মধ্যে একজন সশস্ত্র অবস্থায় গুলি চালাতে চাইলে সেনারা পাল্টা গুলি চালিয়ে তাকে হত্যা করে। অন্যজনকে আটক করা হয়েছে। ঘটনায় কোনো সেনা আহত হয়নি।
১৯৬৭ সাল থেকে পশ্চিম তীর দখল করে রেখেছে ইসরায়েল। ২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরুর পর থেকে এ অঞ্চলে সহিংসতা বেড়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সেই সময় থেকে অন্তত ৯৮৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। অপরদিকে, ইসরায়েলি হিসাব অনুযায়ী একই সময়ে অন্তত ৩৬ জন ইসরায়েলি প্রাণ হারিয়েছেন।