Tranding
মধ্যপ্রাচ্য / September 14, 2025

গাজা সিটিতে ইসরাইলি হামলা, একদিনে নিহত অন্তত ৪৯

অনলাইন, বঙ্গ দর্পণ:গাজা সিটিতে নতুন করে অন্তত ৪৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে ইসরাইলি বাহিনীর টানা বিমান হামলায়। শনিবারের এ হামলার পর গোটা উপত্যকায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ৬২ জনে। খবর আল জাজিরা। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় সূত্র জানিয়েছে, ইসরাইলি বাহিনী প্রতি ১০ থেকে ১৫ মিনিট অন্তর আবাসিক ভবন, জাতিসংঘ পরিচালিত স্কুল ও আশ্রয়কেন্দ্রসহ বিভিন্ন স্থাপনায় বোমা ফেলছে। অধিকাংশ ক্ষেত্রে সাধারণ মানুষকে সরিয়ে নেওয়ার জন্য যথেষ্ট সময় দেয়া হয়নি। ফিলিস্তিনের বেসামরিক প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, “অবরোধ ও লাগাতার বোমাবর্ষণের কারণে গাজা সিটির মানুষ এখন ভয়াবহ পরিস্থিতির মধ্যে রয়েছে।” সংস্থাটির হিসাব অনুযায়ী, শনিবার একদিনেই অন্তত ছয় হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। আল জাজিরার প্রতিবেদক হানি মাহমুদ গাজা সিটি থেকে জানান, ইসরাইলি বাহিনী ইচ্ছাকৃতভাবেই ঘনবসতিপূর্ণ এলাকায় হামলা চালাচ্ছে। এর ফলে হাজারো মানুষ শহরের পশ্চিম প্রান্তে আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন। তবে হামলার মাঝেও বহু মানুষ গাজা সিটিতেই রয়ে গেছেন। বর্তমানে প্রায় নয় লাখ বাসিন্দা এখনো শহরে অবস্থান করছেন। শনিবারের হামলার বেশিরভাগই গাজা সিটিকে কেন্দ্র করে চালানো হয়। শাতি শরণার্থী শিবিরে অবস্থিত জাতিসংঘ পরিচালিত তিনটি স্কুলে বোমা ফেলা হয়। এসব স্কুলে আশ্রয় নিয়েছিলেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.