গাজায় শেষ ইসরায়েলি জিম্মির দেহাবশেষ ফেরত আনতে কায়রোতে ইসরায়েলি প্রতিনিধি দল
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, গাজা উপত্যকায় নিহত শেষ ইসরায়েলি জিম্মির দেহাবশেষ ফেরত আনার বিষয়ে আলোচনা করতে ইসরায়েলি সেনাবাহিনী ও নিরাপত্তা সংস্থার কর্মকর্তাদের নিয়ে একটি প্রতিনিধি দল মিশরের রাজধানী কায়রো সফর করেছে।
প্রধানমন্ত্রীর দপ্তর জানায়, নেতানিয়াহুর নির্দেশে বৃহস্পতিবার সকালে দলটি কায়রো পৌঁছে মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করে। আলোচনায় র্যান গাফিলির দেহাবশেষ দ্রুত ফেরত আনার জন্য প্রচেষ্টা জোরদার করার ব্যাপারে সকল পক্ষ সম্মত হয়।
এদিকে, গাজার জাবালিয়া শরণার্থী শিবিরের ধ্বংসস্তূপে ইসরায়েলি জিম্মিদের লাশ উদ্ধারের কাজে রেড ক্রসের কর্মীদের সহায়তা করতে দেখা গেছে হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেডের সদস্যদের।
১০ অক্টোবর থেকে কার্যকর যুদ্ধবিরতির পর ইসরায়েল এখন পর্যন্ত ২০ জন জিম্মিকে জীবিত উদ্ধার করেছে। অধিকাংশ মৃতদেহও হস্তান্তর করা হয়েছে, তবে গাফিলির দেহাবশেষ এখনো ফেরত আসেনি। ইসরায়েলি কর্মকর্তারা ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে দেরি করার অভিযোগ তুললেও হামাস বলছে—ব্যাপক ধ্বংসস্তূপ সরানো কঠিন হওয়ায় উদ্ধারকাজ ধীরগতিতে চলছে।