যুদ্ধবিরতির পরও দক্ষিণ গাজায় ইসরাইলি ড্রোন হামলা, দুই শিশু নিহত
দক্ষিণ গাজার খান ইউনিসের পূর্বাংশ বানি সুহেলা শহরে ইসরাইলি ড্রোন হামলায় দুই ফিলিস্তিনি শিশু নিহত হয়েছেন। স্থানীয় চিকিৎসক এবং প্রত্যক্ষদর্শীরা এই খবর নিশ্চিত করেছেন। আল-জাজিরার প্রতিবেদনে জানা গেছে, শনিবার সকালে আল-ফারাবি স্কুলের কাছাকাছি বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়। দুই ভাই, জুমা ও ফাদি তামের আবু আসি গুরুতর আহত হন। পরে তাদের খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
হামলার স্থানটি ১০ অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতির অংশ হিসেবে নির্ধারিত ইসরাইলি বাহিনীর পুনর্গঠিত সীমান্তের বাইরে ছিল বলে সূত্র জানিয়েছে।
একই দিনে ইসরাইলি সামরিক বাহিনী গাজার বিভিন্ন এলাকায় স্থল, নৌ ও বিমান হামলা চালিয়েছে। আল-কারারা শহরে কামান ও বিমান হামলায় তিন ফিলিস্তিনি আহত হন। এছাড়া তুফাহ ও রাফাহ অঞ্চলেও বিমান হামলা চালানো হয়।
উল্লেখ্য, ১০ অক্টোবরের যুদ্ধবিরতি চুক্তি ইসরাইল বারবার লঙ্ঘন করেছে। এই পরিস্থিতিতে হামাস আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরাইলকে চুক্তি মেনে চলার জন্য চাপ দেওয়ার আহ্বান জানিয়েছে।
২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই সংঘাতে গাজায় প্রায় ৭০,০০০ মানুষ নিহত হয়েছেন, যাদের অধিকাংশ নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন ১,৭০,০০০-এরও বেশি মানুষ।