ইয়েমেনে পাকিস্তানি ট্যাঙ্কারে ইসরায়েলের হামলা, নিরাপদে মুক্ত ক্রুরা
ইয়েমেনের রাস ইসা বন্দরে পাকিস্তানের মালিকানাধীন একটি জ্বালানি ট্যাঙ্কার ইসরায়েলের ড্রোন হামলার শিকার হয়েছে। জাহাজটিতে ২৪ পাকিস্তানি নাগরিকসহ মোট ২৭ জন ক্রু ছিলেন। হামলার পর ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটে, তবে ক্রুরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি জানান, হামলার পর হুথি বিদ্রোহীরা ট্যাঙ্কার থামিয়ে ক্রুদের আটক করেছিল। পরে কূটনৈতিক প্রচেষ্টা ও নিরাপত্তা সংস্থার সহযোগিতায় তারা মুক্ত হয়ে ইয়েমেনের জলসীমার বাইরে পৌঁছেছে।
তিনি জানান, ওমান ও সৌদি আরবে নিযুক্ত পাকিস্তানি কূটনীতিকদের প্রচেষ্টা এবং নিরাপত্তা বাহিনীর কঠোর পরিশ্রমে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়েছে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে সকল ক্রু নিরাপদে রয়েছেন এবং পরিবারের সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ বজায় রাখা হয়েছে।