যুদ্ধবিরতি চলাকালীন দক্ষিণ লেবাননে ইসরাইলি ড্রোন হামলা, প্রাণ গেল তিন জনের
যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও দক্ষিণ লেবাননে ফের ইসরাইলি ড্রোন হামলার ঘটনা ঘটল। লেবাননের সিডন জেলার আকতনিত–কুনেইত্রা সড়কে চলন্ত একটি গাড়িকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এতে অন্তত তিন জন নিহত হয়েছেন বলে লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে।
লেবাননের সরকারি বার্তা সংস্থা জানায়, সোমবার সংঘটিত এই হামলাকে যুদ্ধবিরতি চুক্তির আরেকটি লঙ্ঘন হিসেবে দেখা হচ্ছে। তবে ঘটনার পর ইসরাইলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।
সাম্প্রতিক সময়ে দক্ষিণ লেবাননে উত্তেজনা ক্রমশ বাড়ছে। লেবাননের অভিযোগ, ইসরাইলি সেনাবাহিনী প্রায় প্রতিদিনই দেশটির বিভিন্ন এলাকায় বিমান ও ড্রোন হামলা চালাচ্ছে। ইসরাইলের দাবি, এসব হামলার লক্ষ্য হিজবুল্লাহর যোদ্ধা ও তাদের সামরিক অবকাঠামো।
উল্লেখ্য, গাজা যুদ্ধকে কেন্দ্র করে সীমান্তে দীর্ঘদিন সংঘর্ষ চলার পর ২০২৪ সালের নভেম্বরে ইসরাইল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়। ওই সময়ের সংঘর্ষে চার হাজারের বেশি মানুষ নিহত এবং প্রায় সতেরো হাজার আহত হয়েছিলেন। চুক্তি অনুযায়ী চলতি বছরের জানুয়ারিতে দক্ষিণ লেবানন থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের কথা থাকলেও এখনো পাঁচটি সীমান্ত চৌকিতে তাদের উপস্থিতি বজায় রয়েছে। এই পরিস্থিতি নিয়ে লেবানন সরকার ও আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।
ছবি: সংগৃহীত