গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞ চলছেই, নিহত ৬৫ হাজার ছাড়াল
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের হামলা থামছে না। সর্বশেষ হামলায় অন্তত ৯৮ জন নিহত হয়েছেন। এতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ হাজার ৬২ জনে। বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে জানানো হয়েছে, প্রায় দু’বছর ধরে চলা ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত আহত হয়েছেন ১ লাখ ৬৫ হাজার ৬৯৭ জন ফিলিস্তিনি। শুধু গত মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত গাজার বিভিন্ন হাসপাতালে ৯৮ জনের মরদেহ ও ৩৮৫ জন আহতকে নেওয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে, কারণ অনেকে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন এবং সরঞ্জাম সংকটে উদ্ধার সম্ভব হচ্ছে না। এদিকে বুধবারও ত্রাণ ও খাদ্য সংগ্রহে যাওয়া ফিলিস্তিনিদের লক্ষ্য করে ইসরায়েলি সেনারা গুলি চালায়। এতে আরও ৭ জন নিহত এবং ৮৭ জন আহত হয়েছেন। এ নিয়ে ত্রাণ সংগ্রহের সময় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৫০৪ এবং আহতের সংখ্যা ১৮ হাজার ৩৪৮। ইসরায়েল গত ২ মার্চ থেকে গাজায় খাদ্য ও ত্রাণের সরবরাহ সীমিত করেছে। এর ফলে খাদ্যাভাব ও অপুষ্টি ভয়াবহ আকার ধারণ করেছে। বুধবার একদিনেই ক্ষুধা ও অপুষ্টিতে আরও ৪ জনের মৃত্যু হয়। গত দুই বছরে এ কারণে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৩২ জনে, যার মধ্যে ১৪৬ জন শিশু। গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এছাড়া গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে মামলার মুখোমুখিও হয়েছে ইসরায়েল। তবুও অবরুদ্ধ গাজায় হত্যাযজ্ঞ থামছে না। বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠলেও ইসরায়েলের আগ্রাসন অব্যাহত রয়েছে।