দক্ষিণ সিরিয়ায় ইসরায়েলি সেনা অনুপ্রবেশ, কুনেইত্রা গ্রামে অভিযান
দক্ষিণ সিরিয়ার কুনেইত্রা প্রদেশে ইসরায়েলি সামরিক বাহিনীর অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। শনিবার সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, ইসরায়েলের ছয়টি সামরিক যান কুনেইত্রার দক্ষিণাঞ্চলের সাইদা আল-হানুত গ্রামে প্রবেশ করে।
প্রতিবেদনে বলা হয়, অভিযানের সময় ইসরায়েলি বাহিনী অন্তত চারটি বাড়িতে তল্লাশি চালায় এবং এলাকায় চারটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এর আগে প্রায় দুই সপ্তাহ আগে, দামেস্কের গ্রামীণ এলাকায় হারমোন পর্বতের পাদদেশে অবস্থিত বেইত জান শহরে ইসরায়েলি অভিযানে ১৩ জন নিহত এবং প্রায় ২৫ জন আহত হন বলে আন্তর্জাতিক সংবাদসূত্র জানিয়েছিল।
সিরিয়ায় রাজনৈতিক পরিস্থিতির বড় পরিবর্তনের পর থেকে কুনেইত্রা ও দারা অঞ্চলে ইসরায়েলি বাহিনীর অনুপ্রবেশ প্রায় নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এসব অভিযানের সময় বহু মানুষকে আটক করা হচ্ছে। পরে তাদের কেউ কেউ মুক্তি পেলেও, এখনো বেশ কয়েকজন আটক অবস্থায় রয়েছেন।
সিরিয়ার দক্ষিণাঞ্চলে ইসরায়েলের সামরিক উপস্থিতিও বাড়ছে বলে জানানো হয়েছে। হারমোন পর্বতের চূড়ার এলাকা থেকে শুরু করে ইয়রমুক উপত্যকা পর্যন্ত বিস্তৃত অঞ্চলে তাদের একাধিক সামরিক ঘাঁটি ও নজরদারি পয়েন্ট স্থাপন করা হয়েছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, কুনেইত্রা প্রদেশে আটটি এবং দারা প্রদেশে অন্তত একটি ইসরায়েলি সামরিক ঘাঁটি সক্রিয় রয়েছে।