যুদ্ধবিরতি ভঙ্গ করে লেবাননে ফের ইসরাইলি হামলা, নিহত দুইজন
যুদ্ধবিরতির মধ্যেই আবারও লেবাননে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। রোববার দেশটির দক্ষিণাঞ্চলে চালানো ওই হামলায় অন্তত দুইজন নিহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।
সরকারি বিবৃতিতে বলা হয়েছে, বিনতে জবাইল এলাকার আল-সাওয়ানেহ ও খিরবেত সেল্ম গ্রামের মধ্যবর্তী স্থানে ইসরাইলি বিমান হামলায় একজন নিহত হন। এ ছাড়া নাবাতিয়েহ প্রদেশের ইকলিম আল-তুফাহ অঞ্চলের হুমিন আল-ফাওকা–হামিলা সড়কে একটি গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলায় আরও একজনের মৃত্যু হয়।
লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, ইসরাইলি ড্রোন একটি পিকআপ ভ্যানে তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। পাশাপাশি টায়ার জেলা, নাবাতিয়েহ, ইকলিম আল-তুফাহ ও বিনতে জবাইল অঞ্চলের আকাশে ইসরাইলি ড্রোনকে খুব নিচু দিয়ে টহল দিতে দেখা গেছে।
ইসরাইলি সেনাবাহিনীর পক্ষ থেকে এ ঘটনায় কোনো মন্তব্য জানানো হয়নি।
জানা গেছে, ২০২৪ সালের নভেম্বরে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও সাম্প্রতিক সময়ে ইসরাইল প্রায় প্রতিদিনই লেবাননের অভ্যন্তরে বিমান হামলা চালাচ্ছে।
২০২৩ সাল থেকে শুরু হওয়া ইসরাইলি সামরিক অভিযানে এখন পর্যন্ত লেবাননে চার হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন প্রায় সতেরো হাজার মানুষ।
ছবি: সংগৃহীত