Tranding
মধ্যপ্রাচ্য / September 15, 2025

ইসরায়েলের হামলায় গাজায় তীব্র মানবিক সংকট, দক্ষিণে গণনির্বাসন

অনলাইন, বঙ্গ দর্পণ:গাজা: ইসরায়েলি বাহিনী গতকাল (রবিবার) গাজার বিভিন্ন এলাকায় বোমাবর্ষণ তীব্রতর করেছে। বিশেষত বহুতল ভবন ও আশ্রয়কেন্দ্রগুলিতে ধারাবাহিক আঘাত হানায় নগরীর মানুষের ওপর মারাত্মক চাপ সৃষ্টি হয়েছে। এতে গাজা শহরের অধিকাংশ বাসিন্দা দক্ষিণে সরে যেতে বাধ্য হয়েছেন। এই পরিস্থিতির মধ্যেই ইসরায়েল সফরে পৌঁছান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এ সফরকে “ইসরায়েল–মার্কিন মিত্রতার দৃঢ় প্রমাণ” বলে আখ্যা দেন। গত চার দিনে ইসরায়েলি সেনারা অন্তত ছয়টি আশ্রয়কেন্দ্রে হামলা চালিয়েছে, যার মধ্যে চারটি ছিল জাতিসংঘের অধীনস্থ (ইউএনআরডব্লিউএ) স্কুল। রোববার পশ্চিম গাজার ইসলামিক বিশ্ববিদ্যালয়ের ভবনও লক্ষ্যবস্তু করা হয়, যেখানে হাজারো বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছিল। এই হামলায় আশ্রয়কেন্দ্রগুলো প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। অধিকাংশ পরিবার বাধ্য হয়ে দক্ষিণে চলে যাচ্ছে। যেসব পরিবার অন্য কোথাও জায়গা পায়নি, তারা আংশিক ধ্বংসস্তূপ সরিয়ে অস্থায়ী ছোট তাঁবু টাঙিয়ে জীবনযাপনের চেষ্টা করছে। রোববার ভোর থেকে চলা বিমান হামলায় অন্তত ৫০ জন ফিলিস্তিনি নিহত হন, যার মধ্যে ৩৩ জন গাজা শহরেই প্রাণ হারান। এছাড়া গত ২৪ ঘণ্টায় অপুষ্টি ও খাদ্যাভাবজনিত কারণে আরও দু’জনের মৃত্যু হয়। এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২২–তে, যাদের মধ্যে ১৪৫ জন শিশু। জাতিসংঘ সতর্ক করে বলেছে, গাজার মানুষ এখন “চলে যাওয়া অথবা মৃত্যুর” মধ্যে একটিকে বেছে নিতে বাধ্য হচ্ছেন। ছবি:রয়টার্স

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.