ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা কমানো হবে: নিউইয়র্কে ঘোষণা জামায়াত আমিরের
ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা কমিয়ে আনার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একইসঙ্গে তিনি দেশে নিরাপদ বিনিয়োগ পরিবেশ ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ার প্রতিশ্রুতি দেন।
রবিবার (স্থানীয় সময়) নিউইয়র্কে কোয়ালিশন অব বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশন (কোবা) আয়োজিত নাগরিক সংবর্ধনায় বক্তৃতাকালে তিনি এ প্রতিশ্রুতি দেন।
জামায়াত আমির বলেন, “আমাদের বদনাম করা হয় যে, ক্ষমতায় গেলে আমরা নারীদের ঘরে বন্দি করে রাখব। কিন্তু আমরা তাদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করব। মাতৃত্বের দায়িত্ব পালনকারী নারীদের কর্মঘণ্টা কমানো হবে—এটি দয়া নয়, বরং ইনসাফ।”
তিনি বলেন, “যদি ৮ ঘণ্টার জায়গায় ৫ ঘণ্টা কাজের সময় নির্ধারণ করি, তাহলে দেখা যাবে তারা আরও দক্ষতার সঙ্গে কাজ সম্পন্ন করবেন।”
নারী কর্মীদের প্রসঙ্গে তিনি বলেন, “দেশে প্রায় ৭০ লাখ গার্মেন্ট কর্মী রয়েছেন, যাদের ৯০ শতাংশই নারী। তারা শালীন পোশাক পরে কর্মস্থলে যান—এটা তাদের নিজস্ব নিরাপত্তার জন্য। ইসলাম নারীকে সমাজে সম্মানিত স্থান দিয়েছে।”
রাসুল (সা.)-এর উদাহরণ টেনে তিনি বলেন, “যখন যুদ্ধের মতো ঝুঁকিপূর্ণ কাজে নারীরা অংশ নিয়েছিলেন, তখন সমাজের অন্য যেকোনো ক্ষেত্রেই তাদের অংশগ্রহণে বাধা থাকার কথা নয়।”
ডা. শফিকুর রহমান বলেন, “আমাদের প্রধান অঙ্গীকার হলো দুর্নীতির বিরুদ্ধে লড়াই। আইনের দৃষ্টিতে সবাই সমান—আমরা সেটা নিশ্চিত করতে চাই।”
তিনি আরও বলেন, “আমরা হত্যার বিচার চাই, যদিও বর্তমান সরকারের মেয়াদে সব বিচার সম্ভব নয়। তবে তাদের বিদায়ের আগে দৃশ্যমান কিছু রায় হলে জাতির আস্থা ফিরবে।”
প্রবাসীদের উদ্দেশে জামায়াত আমির বলেন, “আপনারা বিবেক দিয়ে ভোট দিন। যিনি জাতির আমানত রক্ষা করতে পারবেন, তাকেই বেছে নিন।”
তিনি প্রবাসীদের ‘ইনটেলিজেন্ট রেমিটেন্স’ পাঠানোর আহ্বান জানিয়ে বলেন, “আমাদের মেধাবী নাগরিকরা বিদেশে গৌরবোজ্জ্বল ভূমিকা রাখছেন। আমরা চাই, তাদের একটি অংশ দেশে ফিরে জাতির কল্যাণে কাজ করুন।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল আজিজ ভূঁইয়া। বক্তব্য রাখেন জামায়াতের যুক্তরাষ্ট্র মুখপাত্র ড. নাকীবুর রহমান, ঢাকা-১৭ আসনের প্রার্থী ডা. খালিদুজ্জামান এবং নিউইয়র্কের শিক্ষাবিদ আবু আহমেদ নুরুজ্জামান।