খুলনা–১ আসনে হিন্দু প্রার্থীকে মনোনয়ন দিয়ে আলোচনায় জামায়াতে ইসলামী
বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা–১ (দাকোপ–বটিয়াঘাটা) আসনে অপ্রত্যাশিত পরিবর্তন এনেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। পূর্বঘোষিত প্রার্থীর পরিবর্তে দলটি এবার মনোনয়ন দিয়েছে ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দীকে। জেলা জামায়াতের আমির মাওলানা এমরান হোসাইন মনোনয়ন পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছেন।
বুধবার বিকেলে স্থানীয় সংগঠনের এক বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়। এর আগে ১ ডিসেম্বর খুলনার একটি সমাবেশে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান প্রার্থী পরিবর্তনের নির্দেশ দেন বলে জানা গেছে।
মনোনয়ন পাওয়ার পর কৃষ্ণ নন্দী জানান, তিনি শিগগিরই আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন। তিনি বলেন, পূর্বের প্রার্থী মাওলানা আবু ইউসুফের সঙ্গে তাঁর কোনো ধরনের মতভেদ নেই এবং দলীয় আমির তাঁদের একসঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন।
আগের প্রার্থী আবু ইউসুফও নতুন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি জানিয়েছেন, কৃষ্ণ নন্দীর পক্ষে প্রচারণা শুরুর পাশাপাশি তাঁকে নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের ৯ ফেব্রুয়ারি জামায়াতে ইসলামী খুলনা অঞ্চলের ছয়টি আসনে প্রার্থী ঘোষণা করেছিল। প্রায় দশ মাস পর খুলনা–১ আসনে প্রার্থী বদলে একজন হিন্দু নেতাকে মনোনয়ন দেওয়ায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।