Tranding
রাজ্যের খবর / September 26, 2025

পুজোয় জামাআতের ‘সম্প্রীতি স্টল’ উদ্যোগ

২৬ সেপ্টেম্বর : শারদ উৎসবকে কেন্দ্র করে রাজ্যের নানা প্রান্তে বিশেষ উদ্যোগ নিতে চলেছে জামাআতে ইসলামি হিন্দের পশ্চিমবঙ্গ শাখা। দুর্গাপুজোয় বিপুল জনসমাগমের সুযোগে ‘সম্প্রীতি স্টল’ চালু করবে সংগঠনটি। উদ্দেশ্য, সাধারণ মানুষের মধ্যে ইসলাম সম্পর্কে সঠিক ধারণা পৌঁছে দেওয়া ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়া।

সংগঠনের মিডিয়া ইনচার্জ মুস্তাফিজুর রহমান জানিয়েছেন, জেলা ও শহরজুড়ে যত বেশি সম্ভব স্টল করা হবে। সেখানে দায়িত্বশীলরা ইসলাম ও শান্তির পয়গাম তুলে ধরবেন। স্টলে ইসলাম বিষয়ক ফোল্ডার, বইপত্রের পাশাপাশি কুরআন শরীফের বাংলা, হিন্দি ও ইংরেজি অনুবাদ বিনামূল্যে বিতরণ করা হবে। বিশেষভাবে অমুসলিমদের কাছে ইসলামের সঠিক বার্তা পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য।

জামাআতের রাজ্য সম্পাদক নাসিম আলি জানিয়েছেন, সপ্তমী থেকে দশমী পর্যন্ত চলবে এই আয়োজন। পুজো কমিটির অনুমতি নিয়েই স্টল বসানো হবে। একই সঙ্গে তিনি বলেন, “ধর্ম নিয়ে অপপ্রচার চলছে, কিন্তু আমরা চাই সঠিক ইসলাম মানুষের কাছে পৌঁছে যাক।”

রাজ্যনেতা শাদাব মাসুম জানান, বাংলার সংস্কৃতির অন্যতম বৈশিষ্ট্য হল সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা। সেই ঐতিহ্য আরও দৃঢ় করতেই এই উদ্যোগ। পাশাপাশি যাত্রাপথে কেউ সমস্যায় পড়লে জামাআতের কর্মীরা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন।

বিশেষ সূত্রে জানা গিয়েছে, কলকাতার মুহাম্মদ আলি পার্ক, মেটিয়াবুরুজ, হাওড়া, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া সহ একাধিক জেলায় এই সম্প্রীতি স্টল চালু করা হবে।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.