জাপানে টানা তুষারঝড়: মৃতের সংখ্যা বেড়ে ৪৬, আহত পাঁচ শতাধিক
জাপানে টানা কয়েক সপ্তাহ ধরে চলা ভয়াবহ তুষারপাত দেশজুড়ে চরম দুর্ভোগ সৃষ্টি করেছে। সর্বশেষ সরকারি তথ্য অনুযায়ী, এই দুর্যোগে প্রাণ হারিয়েছেন অন্তত ৪৬ জন এবং আহত হয়েছেন পাঁচ শতাধিক মানুষ।
দেশটির ফায়ার ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, জানুয়ারির শেষ দিক থেকে শুরু হওয়া এই অবিরাম তুষারপাত বিশেষ করে উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকাকে কার্যত অচল করে দিয়েছে। জাপান সাগরমুখী উপকূলবর্তী অঞ্চলে ভারী বরফের কারণে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, তৈরি হচ্ছে দীর্ঘ যানজট, পাশাপাশি নিত্যদিনের জীবনযাত্রাও বিপর্যস্ত হয়ে পড়েছে।
উত্তরাঞ্চলের আওমোরি প্রদেশসহ একাধিক এলাকায় পরিস্থিতি সবচেয়ে সংকটজনক বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। পুলিশ সূত্রে জানা গেছে, অধিকাংশ মৃত্যুর ঘটনা ঘটেছে বাড়ির ছাদে জমে থাকা ভারী বরফ ধসে পড়া অথবা বরফ পরিষ্কার করতে গিয়ে দুর্ঘটনার শিকার হওয়ার ফলে।
জাপানের আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, আওমোরি অঞ্চলে বর্তমানে বরফের স্তর প্রায় ১ দশমিক ৩ মিটার পর্যন্ত পৌঁছেছে, যা চার ফুটেরও বেশি। আবহাওয়ার আরও অবনতি হতে পারে আশঙ্কায় সংশ্লিষ্ট এলাকাগুলোতে সতর্কতা জারি করা হয়েছে।