আল-আকসা মসজিদে ইহুদি নববর্ষ উদযাপন: ৪০০-এর বেশি অবৈধ বসতি স্থাপনকারী প্রবেশ
বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫- অধিকৃত পূর্ব জেরুসালেমে অবস্থিত আল-আকসা মসজিদে ইহুদি নববর্ষ উদযাপন উপলক্ষে মঙ্গলবার শতাধিক অবৈধ ইসরাইলি বসতি স্থাপনকারী জোরপূর্বক প্রবেশ করেছে। ফিলিস্তিনি কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ইসরাইলি পুলিশের নিরাপত্তায় বসতি স্থাপনকারীদের দুটি দল সকালে এবং দুপুরে মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মসজিদের পূর্ব দিকে তারা প্রার্থনা ও নৃত্যসহ ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করেছে। বসতি স্থাপনকারীরা মসজিদের পশ্চিম দিকের মরোক্কান গেট দিয়ে প্রবেশ করেছিল। ইহুদি নববর্ষ উদযাপন সোমবার থেকে শুরু হয়েছে এবং বুধবার পর্যন্ত চলবে। প্রথম দিনে প্রায় ৪০০-এর বেশি অবৈধ বসতি স্থাপনকারী মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করেছে বলে জানিয়েছেন ওয়াকফ কর্মকর্তারা।
আল-আকসা মসজিদ মুসলিমদের জন্য বিশ্বের তৃতীয় পবিত্রতম স্থান। তবে ইহুদিরা এই এলাকাটিকে ‘টেম্পল মাউন্ট’ হিসেবে দাবি করে। তাদের মতে, এই এলাকায় প্রাচীনকালে ইহুদিদের দুটি উপাসনালয় ছিল।
২০০৩ সাল থেকে ইসরাইলি কর্তৃপক্ষ পুলিশ পাহারার তত্ত্বাবধানে বসতি স্থাপনকারীদের আল-আকসা প্রাঙ্গণে প্রবেশের অনুমতি দিয়ে আসছে। ফিলিস্তিনিরা এই অনুপ্রবেশকে পূর্ব জেরুসালেমকে ইহুদিকরণের এবং এর আরব ও ইসলামী পরিচয় মুছে ফেলার বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে দেখছে।