পশ্চিম তীরে ভুলবশত ইহুদি যুবককে গুলি, বিভ্রান্তি ইসরাইলি বাহিনীর ভূমিকা নিয়ে
পশ্চিম তীরের উত্তরাঞ্চলে ইসরাইলি বসতি কেদুমিম এলাকায় ভুলবশত এক ইহুদি যুবককে গুলি করার অভিযোগ উঠেছে ইসরাইলি সেনাবাহিনীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কালকিলিয়ার পূর্বদিকে অবস্থিত ওই বসতিস্থলের কাছে।
প্রাথমিকভাবে ইসরাইলি গণমাধ্যমে জানানো হয়, কেদুমিমের কাছে একটি জ্বালানি স্টেশনে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে এবং সন্দেহভাজন হামলাকারীকে লক্ষ্য করে সেনারা গুলি চালায়। তবে পরবর্তী প্রতিবেদনে বলা হয়, গুলিবিদ্ধ ব্যক্তি একজন ২৩ বছর বয়সী ইসরাইলি ইহুদি যুবক।
খবরে বলা হয়েছে, পরিস্থিতি পুরোপুরি স্পষ্ট না হওয়ার আগেই সন্দেহের ভিত্তিতে সেনারা তাকে গুলি করে। আহত যুবকের পরিচয় নিশ্চিত হওয়ার পর জানা যায়, তিনি কোনো হামলার সঙ্গে জড়িত ছিলেন না।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ঘটনার সময় এলাকায় উত্তেজনা বিরাজ করছিল এবং সেই বিভ্রান্তির মধ্যেই এই ভুল ঘটে। এ বিষয়ে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি।
পরে ইসরাইলের সরকারি রেডিও জানায়, কেদুমিম বসতিস্থলের কাছে ভুল করে একজন ইহুদি বসতি স্থাপনকারীকে গুলি করা হয়েছে। একই সঙ্গে তারা জানায়, প্রাথমিকভাবে যে ছুরিকাঘাতের ঘটনার কথা বলা হয়েছিল, বাস্তবে তেমন কোনো ঘটনার প্রমাণ মেলেনি।
ঘটনাটি ঘিরে প্রকাশিত প্রাথমিক তথ্যের সঙ্গে পরবর্তী প্রতিবেদনের মধ্যে অসঙ্গতি দেখা দিয়েছে, যা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে ইসরাইলি বাহিনীর তৎপরতা ও তথ্য প্রকাশের পদ্ধতি নিয়ে।
ছবি: মিডিল ইস্ট মনিটর