ক্যানসার আক্রান্ত নারীর মৃত্যুর পর জনসন অ্যান্ড জনসনকে ৯৬৬ মিলিয়ন ডলার জরিমানা
লস অ্যাঞ্জেলেস: যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি আদালতের জুরি বোর্ড সোমবার জনসন অ্যান্ড জনসন কোম্পানিকে ৯৬৬ মিলিয়ন ডলার জরিমানা দিতে নির্দেশ দিয়েছে। অভিযোগ, কোম্পানির বেবি পাউডারের কারণে এক নারী ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন।
এই রায় অনুযায়ী, কোম্পানিকে ১৬ মিলিয়ন ডলার সাধারণ ক্ষতিপূরণ ও ৯৫০ মিলিয়ন ডলার শাস্তিমূলক ক্ষতিপূরণ দিতে হবে। মামলাটি করেন ক্যালিফোর্নিয়ার বাসিন্দা মে মুরের পরিবার। ২০২১ সালে ৮৮ বছর বয়সে তাঁর মৃত্যু হয়। পরিবারের দাবি, জনসন অ্যান্ড জনসনের বেবি পাউডারে অ্যাসবেস্টস নামক ক্ষতিকর পদার্থ ছিল, যা তাঁর বিরল ধরনের ক্যানসারের কারণ।
তবে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের পণ্য সম্পূর্ণ নিরাপদ এবং ক্যানসার সৃষ্টি করে না। গ্লোবাল লিটিগেশন বিভাগের ভাইস প্রেসিডেন্ট এরিক হ্যাস এক বিবৃতিতে বলেন, “এই রায় ভয়াবহ ও অসাংবিধানিক।” তিনি জানান, কোম্পানি অবিলম্বে আপিল করবে।
জনসন অ্যান্ড জনসন ২০২০ সালে যুক্তরাষ্ট্রে ট্যালকম পাউডার বিক্রি বন্ধ করে কর্নস্টার্চভিত্তিক পাউডার চালু করে। বর্তমানে কোম্পানির বিরুদ্ধে ৬৭ হাজারেরও বেশি মামলা চলছে, যেখানে অভিযোগকারীরা দাবি করেছেন—কোম্পানির পাউডার ব্যবহারে তাঁরা ক্যানসারে আক্রান্ত হয়েছেন।