Tranding
জাতীয় খবর / October 4, 2025

ইসরাইলের জায়নবাদী আর ভারতের আরএসএস ‘যমজ ভাই’: কেরালার মুখ্যমন্ত্রী

 কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ভারতের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) সংগঠনটিকে ইসরাইলের জায়নবাদীদের সঙ্গে তুলনা করে দুই পক্ষকে ‘যমজ ভাই’ আখ্যা দিয়েছেন।

বিজয়ন এই মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আরএসএসের শতবর্ষ পূর্তি উপলক্ষে স্মারক ডাকটিকিট ও মুদ্রা উন্মোচনের পরদিন। বৃহস্পতিবার কেরালার উপকূলীয় শহর কান্নুরে এক জনসভায় বিজয়ন বলেন, “ইসরাইলের জায়নিস্ট আর ভারতের আরএসএস হলো ‘যমজ ভাই’।”

প্রধানমন্ত্রী মোদীকে লক্ষ্য করে তিনি বলেন, “মোদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একজন বিনয়ী দাস। ট্রাম্প প্রশাসন যখন ভারতীয় নাগরিকদের উপর ভিসা ফি বৃদ্ধি বা সীমাবদ্ধতা আরোপ করেছে, তখন মোদী কোনো প্রতিক্রিয়া দেখাননি। একটি আত্মমর্যাদাশীল জাতি হলে রক্ত বইবে। কিন্তু আমরা এমন শাসকদের দেখেছি যারা বিনয়ী দাস হয়ে যায়।”

বিজয়ন আরও অভিযোগ করেন, ট্রাম্প ভারতীয় পণ্যের উপর শুল্ক বৃদ্ধি করলেও প্রধানমন্ত্রী মোদী কোনো পদক্ষেপ নেননি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে বিজয়ন লিখেছেন, ‘আরএসএসের শতবর্ষ উদ্‌যাপন আমাদের সংবিধানের প্রতি গুরুতর অপমান।’

এছাড়া ভারতের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ডি রাজাও আরএসএসের সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, “আরএসএস প্রতিক্রিয়াশীল, বিভাজন সৃষ্টিকারী, সাম্প্রদায়িক এবং দেশের ঐক্য ও অখণ্ডতার জন্য হুমকি সৃষ্টি করছে। স্বাধীনতা আন্দোলনের সময় আরএসএস কী ভূমিকা রেখেছিল—প্রধানমন্ত্রীকে জনগণকে তা ব্যাখ্যা করতে হবে।”

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.