চীনের সঙ্গে ৪.১ বিলিয়ন ডলারের চুক্তিতে কুয়েতে নতুন সমুদ্রবন্দর
অর্থনীতি বৈচিত্র্যময় করা ও আন্তর্জাতিক বাণিজ্যে অবস্থান শক্তিশালী করার লক্ষ্যে চীনের সঙ্গে বড় ধরনের অবকাঠামো চুক্তি করেছে কুয়েত। দেশটি বুবিয়ান দ্বীপে একটি আধুনিক সমুদ্রবন্দর নির্মাণে প্রায় ৪.১ বিলিয়ন ডলারের একটি চুক্তিতে স্বাক্ষর করেছে।
কুয়েতের সরকারি আর্থিক তদারকি সংস্থা জানিয়েছে, মুবারক আল-কাবির বন্দর প্রকল্পে প্রকৌশল, সরবরাহ ও নির্মাণ খাতে মোট ব্যয় হবে প্রায় ১.২৮ বিলিয়ন কুয়েতি দিনার, যা ডলারে চার বিলিয়নেরও বেশি।
রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কুয়েতের প্রধানমন্ত্রী শেখ আহমদ আল-আব্দুল্লাহ আল-সাবাহ উপস্থিত ছিলেন। তিনি বলেন, এই বন্দর কুয়েতকে একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও বৈশ্বিক বাণিজ্য কেন্দ্রে পরিণত করতে সহায়তা করবে এবং দেশটির সরবরাহ ব্যবস্থায় নতুন গতি আনবে।
চীনের পক্ষ থেকে দেশটির কূটনৈতিক প্রতিনিধি লিউ শিয়াং বলেন, এই প্রকল্প চীনের ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগে কুয়েতের সক্রিয় অংশগ্রহণের প্রতিফলন।
এর আগে ২০২৩ সালে কুয়েত ও চীন একাধিক সমঝোতা স্মারক স্বাক্ষর করেছিল, যার মধ্যে আবাসন, পানি শোধনাগার, নবায়নযোগ্য জ্বালানি ও বন্দর উন্নয়ন সংক্রান্ত প্রকল্প অন্তর্ভুক্ত ছিল। নতুন এই চুক্তি সেই সহযোগিতাকে আরও সম্প্রসারিত করবে বলে ধারণা করা হচ্ছে।