ইন্দোনেশিয়ার মধ্য জাভায় ভয়াবহ ভূমিধস: নিহত ১৮, নিখোঁজ বহু
ইন্দোনেশিয়ার মধ্য জাভা প্রদেশে টানা বৃষ্টিপাতে সৃষ্ট ভয়াবহ ভূমিধসে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে এবং আরও বহু মানুষ নিখোঁজ রয়েছেন বলে সোমবার দেশটির প্রশাসন জানিয়েছে। উদ্ধারকাজ এখনো চলছে।
দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানায়, গত সপ্তাহে সিলাকাপ শহরে ভূমিধসের ঘটনায় সেবুইনিং গ্রামে বহু বাড়িঘর মাটিচাপা পড়ে। উদ্ধারকর্মীরা জানাচ্ছেন, অনেক মানুষ তিন থেকে আট মিটার গভীরে চাপা পড়েছেন, ফলে উদ্ধার অভিযান কঠিন হয়ে পড়েছে।
স্থানীয় উদ্ধার সংস্থার প্রধান জানান, সিলাকাপের ভূমিধসে অন্তত ১৬ জন মারা গেছেন এবং সাতজন এখনো নিখোঁজ।
অন্যদিকে, আলাদা একটি ঘটনায় গত শনিবার বানজারনেগারা জেলায় ভূমিধসে দুইজনের মৃত্যু হয়েছে এবং ২৭ জন নিখোঁজ রয়েছেন। প্রায় ৩০টি বাড়ি ও কয়েকটি কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইন্দোনেশিয়ার আবহাওয়া অধিদপ্তর জানায়, দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশে বর্ষা মৌসুম শুরু হয়েছে গত সেপ্টেম্বর থেকে এবং তা আগামী এপ্রিল পর্যন্ত চলতে পারে। এই সময়ে ভূমিধস, বন্যা ও আকস্মিক জলঢলের ঝুঁকি বেশি থাকে।