Tranding
আর্ন্তজাতিক / December 21, 2025

সুইডেনে ইসরাইলের নীতির বিরুদ্ধে বড়সড় বিক্ষোভ, পশ্চিম তীর ইস্যুতে তীব্র প্রতিবাদ

সুইডেনের রাজধানী স্টকহোমে ইসরাইলের সাম্প্রতিক নীতির বিরুদ্ধে শত শত মানুষ পথে নামেন। অধিকৃত পশ্চিম তীরকে ইসরাইলের অন্তর্ভুক্ত করার পরিকল্পনা এবং যুদ্ধবিরতি সংক্রান্ত অঙ্গীকার যথাযথভাবে মানা না হওয়ার অভিযোগ তুলে বিক্ষোভকারীরা তেলআবিবের বিরুদ্ধে সরব হন।

শনিবার শহরের ওডেনপ্ল্যান এলাকায় জমায়েত হয়ে বিক্ষোভকারীরা সুইডিশ সংসদের দিকে মিছিল করেন। মিছিলে ‘ফিলিস্তিনের স্বাধীনতা চাই’, ‘ইসরাইলি সহিংসতা বন্ধ হোক’ এবং ‘পশ্চিম তীর দখলের বিরোধিতা’— এমন নানা স্লোগান শোনা যায়। অনেকের হাতে ছিল যুদ্ধ বন্ধ এবং মানবাধিকার রক্ষার দাবিতে লেখা প্ল্যাকার্ড ও ব্যানার।

বিক্ষোভকারীদের বক্তব্য, ইসরাইল যুদ্ধবিরতির শর্ত মানছে না এবং এর ফলে ফিলিস্তিনে সহিংসতা ও মানবিক সংকট আরও গভীর হচ্ছে। তারা অবিলম্বে সহিংসতা বন্ধ করে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান।

এক বিক্ষোভকারী মালিন আকেরস্ট্রম বলেন, শীতের প্রকোপে গাজা উপত্যকায় সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। তাঁর মতে, খাদ্য, চিকিৎসা ও আশ্রয়ের সংকট মোকাবিলায় আন্তর্জাতিক মহলের সক্রিয় ভূমিকা নেওয়া জরুরি।

এদিকে সুইডেনের রাজনৈতিক মহলেও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। দেশটির শতাধিক সংসদ সদস্য পশ্চিম তীরে ইসরাইলি অভিযান ও সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বলে জানা গেছে।

এই বিক্ষোভের মাধ্যমে ইউরোপের বিভিন্ন দেশে ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে ক্রমবর্ধমান অসন্তোষেরই প্রতিফলন দেখা গেল বলে মনে করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকেরা।

ছবি: সংগৃহীত 

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.