Tranding
মধ্যপ্রাচ্য / December 18, 2025

দক্ষিণ লেবাননে ‘হিজবুল্লাহ’র একটি সুড়ঙ্গের সন্ধান পেল লেবাননের সেনাবাহিনী

দক্ষিণ লেবাননের তুলিন এলাকায় ‘হিজবুল্লাহ’ নির্মিত একটি সুড়ঙ্গের সন্ধান পাওয়ার কথা জানিয়েছে লেবাননের সেনাবাহিনী। লেবানিজ গণমাধ্যমের খবরে বলা হয়েছে, যুদ্ধবিরতি তদারকির দায়িত্বে থাকা ‘মেকানিজম’ কমিটির অনুরোধে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে অনুসন্ধান চালানোর সময় এই সুড়ঙ্গটি শনাক্ত করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, এর আগে ওই এলাকা ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তু হয়েছিল।

লেবাননের সেনাবাহিনী ও যুদ্ধবিরতি পর্যবেক্ষণ কমিটির মধ্যে সমন্বয়ের অংশ হিসেবে অতীতেও এ ধরনের অনুসন্ধান চালানো হয়েছে। সম্প্রতি দক্ষিণ লেবাননের ইয়ানুহ এলাকায় একটি ভবন পরিদর্শন করা হয়, যেখানে ইসরায়েলের পক্ষ থেকে হামলার হুমকি দেওয়া হয়েছিল। তবে ওই ভবনে কোনো অস্ত্র পাওয়া যায়নি। পরে লেবাননের সেনা মোতায়েনের পর ইসরায়েল সাময়িকভাবে হামলা স্থগিত রাখে।

এদিকে, দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। বুধবার কফরকিলা এলাকায় একটি বিমান হামলার ঘটনা ঘটে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থার তথ্যমতে, একটি পাহাড়ি এলাকায় এ হামলা চালানো হলেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এ প্রসঙ্গে লেবাননের উপপ্রধানমন্ত্রী তারেক মিত্রি বলেন, যুদ্ধবিরতি পর্যবেক্ষণ কমিটি আলোচনার ও চুক্তি বাস্তবায়ন তদারকির একটি কাঠামো হিসেবে কাজ করছে। তিনি অভিযোগ করেন, লেবানন চুক্তির শর্ত মেনে চললেও ইসরায়েলের পক্ষ থেকে লঙ্ঘন অব্যাহত রয়েছে।

হিজবুল্লাহর অস্ত্র প্রসঙ্গে মিত্রি জানান, লেবাননের সেনাপ্রধান পাঁচ ধাপের একটি পরিকল্পনা প্রস্তাব করেছেন, যার মূল লক্ষ্য সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধি। তাঁর ভাষায়, লিতানি নদীর দক্ষিণাঞ্চলে রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠার প্রক্রিয়া ধীরে ধীরে এগোচ্ছে এবং শিগগিরই পরবর্তী ধাপে যাওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

পুনর্গঠন প্রসঙ্গে তিনি বলেন, আন্তর্জাতিক সহায়তা পেতে হলে রাষ্ট্রের কর্তৃত্ব প্রতিষ্ঠা একটি প্রধান শর্ত। এ ক্ষেত্রে আরব দেশগুলোর কূটনৈতিক সহায়তার ভূমিকার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, আগামী ১৯ ডিসেম্বর যুদ্ধবিরতি পর্যবেক্ষণ কমিটির আরেকটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে লেবানন ও ইসরায়েলের প্রতিনিধি ছাড়াও জাতিসংঘ, যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের প্রতিনিধিরা অংশ নেবেন। সাম্প্রতিক সময়ে এ কমিটির বৈঠকের মাধ্যমে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে সীমিত পর্যায়ে সরাসরি আলোচনা শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

ছবি: আল জাজিরা 

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.