Tranding

প্রয়াত হলেন কৃষক আন্দোলনের কিংবদন্তী নেতা পূর্ণময় দাস

নিজস্ব সংবাদদাতা, খয়রাশোল: আজ ভোরে প্রয়াত হলেন সাতের দশকের খয়রাশোলের কৃষক আন্দোলনের অন্যতম লড়াকু নেতা পূর্ণময় দাস। ১৯৭৪ সালে পার্টির সদস্যপদ লাভ করেন তিনি। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দায়িত্ব সামলেছেন সিপিআই(এম)-এর পাঁচড়া লোকাল কমিটির সম্পাদক হিসেবে। পাশাপাশি পাঁচড়া ময়ূরাক্ষী কটন মিলের শ্রমিক সংগঠনেরও অন্যতম সংগঠক ছিলেন তিনি।

১৯৭৮ সালের প্রথম পঞ্চায়েত নির্বাচনে জয়ী হয়ে জনপ্রতিনিধি হিসেবেও কাজ করেন পূর্ণময়বাবু। সততা, নিষ্ঠা ও কমিউনিস্ট মতাদর্শের প্রতি গভীর বিশ্বাসের জন্য এলাকার মানুষের মধ্যে তিনি ছিলেন অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। শেষদিন পর্যন্ত তিনি পার্টির খয়রাশোল এরিয়া কমিটির আমন্ত্রিত সদস্য ছিলেন।

তাঁর মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে আসে সমগ্র এলাকায়। সকাল থেকেই দলে দলে মানুষ ভিড় করেন তাঁর নবরসোলের বাসভবন সংলগ্ন সিপিআই(এম) পার্টি অফিসে। সেখানেই পার্টির পক্ষ থেকে রক্তপতাকায় ঢাকা হয় তাঁর মরদেহ। উপস্থিত ছিলেন পার্টির জেলা নেতৃত্ব — শীতল বাউরি, দিলীপ গোপ, বিমল ঘোষ, শ্যামাপদ বাউরি, দীনবন্ধু সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দ।

পূর্ণময় দাসের প্রয়াণে এক যুগের অবসান ঘটল বলে মনে করছেন সহকর্মী ও অনুগামীরা।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.