Tranding
রাজ্যের খবর / September 25, 2025

পুজোর মুখে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা

২৫ সেপ্টেম্বর, ২০২৫ | কলকাতা ,দুর্গাপুজোর মুখেই ফের ঘনিয়ে আসছে নিম্নচাপ। এক রাতের প্রবল বর্ষণে ইতিমধ্যেই বিধ্বস্ত হয়েছে কলকাতা। সারা রাত ধরে ৩০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টিতে ডুবে গিয়েছে শহর। প্রাণ হারিয়েছেন অন্তত ১০ জন। এখনও বহু এলাকায় জল নামেনি। এর মধ্যেই নতুন করে আশঙ্কার বার্তা দিয়েছে আবহাওয়া দফতর।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মায়ানমার উপকূল-সংলগ্ন বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এটি পশ্চিম দিকে সরতে সরতে উত্তর বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের জন্ম দিতে পারে বৃহস্পতিবারের মধ্যেই। পঞ্চমীর দিন থেকেই দক্ষিণবঙ্গে ফের শুরু হবে ঝড়বৃষ্টি। চলবে ষষ্ঠী পর্যন্ত। অনেক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শনিবার অর্থাৎ পঞ্চমীতে নিম্নচাপ ওড়িশা উপকূলে স্থলভাগে প্রবেশ করতে পারে। এর প্রভাবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, বাঁকুড়া ও ঝাড়গ্রামেও কমবেশি বৃষ্টি হবে বলে পূর্বাভাস। সঙ্গে বইবে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগের ঝোড়ো হাওয়া।

আবহাওয়াবিদরা আরও জানিয়েছেন, অষ্টমীতে আবারও বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। ফলে নবমী রাত থেকে ফের ঝড়বৃষ্টির দাপট দেখা দিতে পারে।

উত্তরবঙ্গের পরিস্থিতি

উত্তরবঙ্গে আপাতত তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। শুক্রবার সতর্কতা রয়েছে কোচবিহারে। শনিবার থেকে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা বৃষ্টি হলেও ষষ্ঠী থেকে অষ্টমী পর্যন্ত সেখানে বড়সড় সতর্কতা নেই।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.