বিদ্যুৎ ও পানির সংকটে উত্তাল মাদাগাস্কার, রাত্রিকালীন কারফিউ জারি
নেপাল ও ফিলিপাইনের পর এবার ভারত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র মাদাগাস্কার বিক্ষোভে উত্তাল। বিদ্যুৎ ও পানির তীব্র সংকটের প্রতিবাদে রাজধানী আন্তানানারিভোতে রাস্তায় নামেন শত শত মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশটিতে রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে।
বিক্ষোভকারীরা পাথর ছুঁড়ে, রাস্তা অবরোধ করে এবং টায়ার জ্বালিয়ে তাদের ক্ষোভ প্রকাশ করেছেন। বিদ্যুৎ বিভ্রাটের কারণে ঘর-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান প্রায় ১২ ঘণ্টারও বেশি সময় বিদ্যুৎহীন থাকে বলে অভিযোগ। বিক্ষোভ দমন করতে পুলিশ রাবার বুলেট এবং কাঁদানে গ্যাস ব্যবহার করেছে।
রাজধানীর বিভিন্ন মুদি ও যন্ত্রপাতির দোকান এবং ব্যাংক লুটপাটের শিকার হয়েছে। নতুন কেবল কার সিস্টেমের কিছু স্টেশনেও আগুন লেগেছে। প্রেসিডেন্টের ঘনিষ্ঠ তিন রাজনীতিকের বাড়িতেও হামলার ঘটনা ঘটেছে।
জাতীয় নিরাপত্তা সংস্থার প্রধান জেনারেল অ্যাঞ্জেলো রাভেলোনারিভো বৃহস্পতিবার সন্ধ্যায় টেলিভিশনে জানিয়েছেন, “কিছু ব্যক্তি পরিস্থিতির সুযোগ নিয়ে জনগণের সম্পদ নষ্ট করছে। জনগণ ও তাদের সম্পদ রক্ষায় নিরাপত্তা বাহিনী রাজধানীতে সন্ধ্যা ৭টা থেকে ভোর ৫টা পর্যন্ত কারফিউ জারি করেছে। এটি জনশৃঙ্খলা ফিরে না আসা পর্যন্ত বহাল থাকবে।”