Tranding
রাজ্যের খবর / November 20, 2025

৬০১টি আন-এডেড মাদ্রাসার শিক্ষকদের পর্যায়ক্রমিক প্রশিক্ষণ শুরু করল মাদ্রাসা শিক্ষা পর্ষদ

রাজ্যের ৬০১টি আন-এডেড মাদ্রাসার শিক্ষকদের দক্ষতা বাড়াতে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চালু করল পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই প্রশিক্ষণ চলবে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত।

পর্ষদ সূত্রে জানা গেছে, রাজ্যের এই ৬০১টি অনুমোদিত আন-এডেড মাদ্রাসায় সাড়ে পাঁচ হাজারের বেশি শিক্ষক এবং প্রায় কুড়ি হাজার শিক্ষার্থী রয়েছে। এর আগে সরকার সাহায্যপ্রাপ্ত (এডেড) মাদ্রাসার শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। এবার আন-এডেড মাদ্রাসার শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

পর্ষদের সভাপতি ড. আবু তাহের কমরুদ্দিন জানান, শিক্ষকদের মানোন্নয়নের পাশাপাশি মাদ্রাসার সার্বিক পরিকাঠামো উন্নয়নেও জোর দিচ্ছে পর্ষদ। সফল প্রতিষ্ঠানগুলিকে পুরস্কৃত করার জন্য এ বছর “হেড অব মাদ্রাসা অ্যাওয়ার্ড” চালু করা হয়েছে।

রাষ্ট্র অনুমোদিত ৬১৪টি এডেড এবং ৬০১টি আন-এডেড মাদ্রাসার মানোন্নয়ন যাচাই করে বিশেষ সম্মাননা প্রদান করা হচ্ছে। মাওলানা আবুল কালাম আজাদের জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে “বেগম রোকেয়া পুরস্কার” এবং “মাওলানা আবুল কালাম আজাদ পুরস্কার”ও প্রদান করা হয়।

রাজ্যের মাদ্রাসাগুলিতে এখন আধুনিক ও যুগোপযোগী বিষয় যেমন—আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI), ডাটা সায়েন্স, সাইবার সিকিউরিটি, কম্পিউটার সায়েন্স, মিউজিক ইত্যাদির পাঠদান শুরু হয়েছে।

ছাত্রছাত্রীদের উন্নয়নে কন্যাশ্রী, ঐক্যশ্রী, সবুজ সাথী প্রকল্প ছাড়াও ব্যাগ, বই, খাতা, জুতো এবং ইউনিফর্ম প্রদান করা হচ্ছে বলে জানিয়েছে পর্ষদ। ভবিষ্যতে সব মাদ্রাসায় এই সুবিধাগুলি পৌঁছে দেওয়ার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে সরকারের সংশ্লিষ্ট দফতর জানিয়েছে।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.