Tranding
মধ্যপ্রাচ্য / November 27, 2025

উত্তর তুবাসে ইসরায়েলের ব্যাপক অভিযান: ঘরছাড়া বহু পরিবার, কারফিউ জারি পুরো জেলায়

পশ্চিম তীরে উত্তেজনা আরও একবার মাথাচাড়া দিল। বুধবার ভোরে উত্তর তুবাস জেলায় হঠাৎ করেই ব্যাপক সামরিক অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। পুরো জেলা ঘিরে ফেলা হয়, বন্ধ করে দেওয়া হয় মানুষের চলাচল। একাধিক এলাকায় সেনা মোতায়েনের পাশাপাশি আকাশে অ্যাপাচি হেলিকপ্টার টহল দেওয়ায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

তুবাসের গভর্নর আহমদ আল-আসাদ জানান, হেলিকপ্টারের আড়াল নিয়ে সেনারা শহরে ঢুকে গুলি চালায় এবং বিভিন্ন পাড়ায় সামরিক চৌকি স্থাপন করে। অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে। তাঁর অভিযোগ, বহু পরিবারকে জোর করে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে। সেনারা ভবনের ছাদ দখল করে তল্লাশি চালাচ্ছে এবং গ্রেপ্তারি অভিযান অব্যাহত রেখেছে।

গভর্নরের আশঙ্কা, এ অভিযান কয়েক দিন ধরে চলতে পারে। যেসব মানুষকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে, তাদের বরাত দিয়ে তিনি বলেন—অভিযান শেষ না হওয়া পর্যন্ত ফের ঘরে ঢোকার অনুমতি নেই।

ইসরায়েলের সেনাবাহিনী নিজেদের এই উদ্যোগকে “নতুন অভিযান” বলে দাবি করেছে। তাদের বক্তব্য, এটি চলতি বছরের জানুয়ারিতে শুরু হওয়া ‘আয়রন ওয়াল’ অভিযানের অংশ নয়।

এদিকে ফিলিস্তিনি সংবাদ সংস্থা ‘ওয়াফা’ জানিয়েছে, তুবাসের পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তাফা গভর্নর আসাদের সঙ্গে ফোনে কথা বলেছেন। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি আশ্বস্ত করেছেন।

ছবি: সংগৃহীত 

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.