ভোটার তালিকা শুদ্ধিকরণে বড় চিত্র: রাজ্যে বাদ পড়তে পারে প্রায় ৫৩ লক্ষ নাম, শহরাঞ্চলে মৃত ও স্থানান্তরিত ভোটার বেশি
রাজ্যে ভোটার তালিকা শুদ্ধিকরণ প্রক্রিয়ায় এক বড়সড় তথ্য সামনে এসেছে। নির্বাচন কমিশনের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, এখন পর্যন্ত মোট ইনিউমারেশন ফর্মের ৯৮.৮৪ শতাংশ ডিজিটাইজড হয়েছে। তবে প্রায় ৫৩ লক্ষ ভোটারের নাম এখনও ম্যাপিংয়ের আওতায় আসেনি। এদের মধ্যে মৃত, স্থানান্তরিত কিংবা দীর্ঘদিন অনুপস্থিত থাকা ভোটার বেশি— যারা খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়ার সম্ভাবনায় রয়েছেন।
সবচেয়ে উদ্বেগজনক চিত্র দেখা গিয়েছে শহরাঞ্চলে। কলকাতা, আসানসোল–দুর্গাপুর, দমদম, বিধাননগর, কল্যাণী ও শিলিগুড়ি— এই সব এলাকাতে মৃত ও স্থানান্তরিত ভোটারের সংখ্যা তুলনামূলকভাবে বেশি। শুধু উত্তর কলকাতাতেই মৃত ভোটারের সংখ্যা ১ লক্ষ ১ হাজারের বেশি, দক্ষিণ কলকাতায় এই সংখ্যা ৬৫ হাজার ছাড়িয়েছে।
রাজ্যজুড়ে মৃত ভোটারের সংখ্যা প্রায় ২৩.৫ লক্ষ, স্থানান্তরিত প্রায় ১৮.৫৫ লক্ষ এবং অনুপস্থিত ভোটার পাওয়া গেছে ৯.৪২ লক্ষের মতো।
ভোটার তালিকা শুদ্ধিকরণের প্রক্রিয়া এগোতে থাকায় মৃত বা স্থানান্তরিত ভোটারশূন্য বুথের সংখ্যা দ্রুত কমে বর্তমানে দাঁড়িয়েছে মাত্র সাতটিতে। পরিস্থিতি বিবেচনায় কমিশন বুথ লেভেল অফিসারদের (বিএলও) পুনরায় যাচাইয়ের নির্দেশ দিয়েছে। একই সঙ্গে বুথভিত্তিক মৃত ও স্থানান্তরিত ভোটারদের তালিকায় রাজনৈতিক দলের প্রতিনিধিদের স্বাক্ষর নিশ্চিত করার নির্দেশ জারি করা হয়েছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, নতুন সফটওয়্যার ‘ডেমোগ্রাফিক সিমিলার এন্ট্রিজ’ চালু হওয়ায় সন্দেহজনক ও পুনরাবৃত্তি থাকা নাম চিহ্নিত করা আরও সহজ হবে। শুদ্ধিকরণ শেষ হলে রাজ্যের ভোটার তালিকায় উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে বলে কমিশন সূত্রে ধারণা।