নবান্নে মমতা–অখিলেশ বৈঠক, বিজেপি বিরোধী লড়াইয়ে তৃণমূল নেত্রীর ভূমিকায় প্রশংসা এসপি প্রধানের
কলকাতা: বিজেপি বিরোধী রাজনীতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে প্রকাশ্যে প্রশংসা করলেন সমাজবাদী পার্টির সভাপতি ও উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। মঙ্গলবার নবান্নে প্রায় ৪৫ মিনিট ধরে দু’জনের মধ্যে বৈঠক হয়। বৈঠকের পর অখিলেশের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে।
পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে দু’দিনের সফরে কলকাতায় এসেছেন অখিলেশ যাদব। নবান্নে বৈঠকের সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সমাজবাদী পার্টির নেতা কিরণময় নন্দ। বৈঠক শেষে অখিলেশ বলেন, দেশের রাজনীতিতে বিজেপির মোকাবিলায় সবচেয়ে দৃঢ় অবস্থান নিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তাঁর মতে, গোটা দেশে বিজেপির বিরুদ্ধে কার্যকর লড়াই যদি কেউ করে থাকেন, তবে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়।
অখিলেশের এই মন্তব্যকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। কারণ, তাঁর বক্তব্যে পরোক্ষে জাতীয় স্তরে বিরোধী শক্তির ভূমিকা নিয়েও প্রশ্ন উঠে এসেছে। রাজনৈতিক মহলের মতে, কংগ্রেসের ভূমিকা নিয়ে আঞ্চলিক দলগুলির যে অসন্তোষ দীর্ঘদিন ধরে রয়েছে, অখিলেশের বক্তব্যে তারই ইঙ্গিত মিলেছে।
এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের নেতারাও অতীতে একাধিকবার দাবি করেছেন, বিভিন্ন রাজ্যে ভোটার তালিকা সংক্রান্ত অনিয়ম না হলে বিজেপির পক্ষে জয় সম্ভব হতো না। বিশেষ করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই অভিযোগ একাধিকবার তুলেছেন।
সম্প্রতি নির্বাচন কমিশন ১২টি রাজ্যে বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া (এসআইআর) চালু করেছে। সেই তালিকায় রয়েছে উত্তরপ্রদেশও। সমাজবাদী পার্টির অভিযোগ, এই প্রক্রিয়ার মাধ্যমে লক্ষ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। অখিলেশের দাবি, পশ্চিমবঙ্গকে রাজনৈতিকভাবে কোণঠাসা করতেই এই প্রক্রিয়া চালানো হচ্ছে। তাঁর মতে, আগে নির্বাচন কমিশনের লক্ষ্য থাকত ভোটার সংখ্যা বাড়ানো, কিন্তু এখন উল্টো পথে হাঁটা হচ্ছে।
এদিকে, তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও দফতরে চলতি মাসের শুরুতে ইডির তল্লাশি নিয়েও মন্তব্য করেন অখিলেশ। তিনি বলেন, তদন্ত চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাবে উপস্থিত হয়ে পরিস্থিতি সামলেছেন, তা সাহসী পদক্ষেপ। বিজেপিকে কটাক্ষ করে তাঁর মন্তব্য, কেন্দ্র যখন ভোট ও তথ্য নিয়ে কারচুপির চেষ্টা করছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় তা রুখে দিয়েছেন।
নবান্নে যাওয়ার আগে অখিলেশ যাদব কালীঘাট মন্দিরে পুজো দেন। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী ও লোকসভা সাংসদ ডিম্পল যাদব এবং সমাজবাদী পার্টির রাজ্যসভার সাংসদ ও অভিনেত্রী জয়া বচ্চন। তবে নবান্নে বৈঠকে তাঁরা কেউই উপস্থিত ছিলেন না।
ছবি: সংগৃহীত।