এসআইআর বিরোধী মিছিলে মুখ্যমন্ত্রী মমতা ও অভিষেক, দিলেন আশ্বাস ও দিল্লি অভিযানের বার্তা
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে জনমনে তৈরি হওয়া আতঙ্কের বিরুদ্ধে মঙ্গলবার কলকাতার রাজপথে মিছিল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
রেড রোডের অম্বেডকর মূর্তির সামনে থেকে শুরু হওয়া মিছিল শেষ হয় জোড়াসাঁকো ঠাকুরবাড়ির সামনে। চার কিলোমিটারের বেশি দীর্ঘ এই মিছিলে বিশাল জনসমাগম ঘটে।
মিছিল শেষে বক্তব্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,
“দিদি আছে, ভয় পাবেন না। কারও নাম ভোটার তালিকা থেকে কাটা যাবে না। যাঁদের নথি নেই, তাঁরা তৃণমূলের ক্যাম্পে যোগাযোগ করুন—সব ব্যবস্থাই করা হবে।”
তিনি আরও বলেন, “প্রয়োজনে আমরা নিজেদের জিনিস বিক্রি করেও সাধারণ মানুষের পাশে দাঁড়াব।”
অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, “দু’মাসের মধ্যে দিল্লি অভিযান হবে। সেখানে কেন্দ্রীয় সরকারের কাছে এই অন্যায়ের বিরুদ্ধে অবস্থান জানানো হবে।”
তিনি বলেন, “যাঁরা এসআইআর আতঙ্কে প্রাণ হারিয়েছেন, তাঁদের আমরা শহিদ হিসেবে সম্মান জানাই।”
মিছিল ও সভায় টলিউড তারকা, খেলোয়াড় এবং বিভিন্ন ধর্মীয় নেতারাও অংশ নেন। মতুয়া সম্প্রদায়েরও উল্লেখযোগ্য উপস্থিতি ছিল। তাঁদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন,
“আপনাদের ভুল বুঝিয়ে বারবার প্রতারণা করা হচ্ছে। নাগরিকত্বের নামে ঠকানো হয়েছে, এখন নতুনভাবে ভয় দেখানো হচ্ছে।”
মমতা ও অভিষেক দু’জনেই নাম না করে বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন। মুখ্যমন্ত্রী বলেন, “বাংলাদেশ বা মায়ানমার সীমান্ত লাগোয়া নয়টি রাজ্যের মধ্যে কেবল বাংলাতেই কেন এসআইআর চলছে? কারণ বিজেপি বাংলায় হার মানতে চায় না।”
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “একজন বৈধ ভোটারের নাম বাদ দিলে আমরা দিল্লির সরকারও ভেঙে দেব।”
ছবি: সংগৃহীত