Tranding
রাজ্যের খবর / November 1, 2025

এসআইআর ইস্যুতে পথে মমতা ও অভিষেক, মঙ্গলবার কলকাতায় তৃণমূলের মিছিল

পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) কর্মসূচি শুরু হচ্ছে আগামী মঙ্গলবার, ৪ নভেম্বর। ওই দিন থেকেই ভোটার তালিকার কাজ শুরু করবে ব্লক লেভেল অফিসাররা (বিএলও)। আর এই দিনেই এসআইআর নিয়ে বিরোধীদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বড় মিছিলের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস।

দলীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর দেড়টা নাগাদ কলকাতার রেড রোডে ড. বি.আর. অম্বেডকরের মূর্তির সামনে থেকে মিছিল শুরু হবে। সেখান থেকেই পদযাত্রা পৌঁছোবে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত। তৃণমূল নেতৃত্বের ইঙ্গিত, এই মিছিলের মাধ্যমে সংবিধান রচয়িতা অম্বেডকর এবং কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবনাকে যুক্ত করে গণতান্ত্রিক অধিকারের বার্তা দিতে চায় দলটি।

মিছিলের নেতৃত্ব দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

একই দিনে উত্তর ২৪ পরগনার আগরপাড়ায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অনুপ্রবেশকারীদের অপসারণের দাবিতে মিছিলের পরিকল্পনা করেছেন। সেই সময় কলকাতার পথে থাকবেন তৃণমূল নেত্রী মমতা এবং অভিষেক।

তৃণমূল সূত্রে আরও জানা গেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় শুক্রবার প্রায় ১৮ হাজার কর্মীর সঙ্গে ভার্চুয়াল বৈঠকে নির্দেশ দিয়েছেন— ভোটার তালিকা সংশোধনের সময়ে প্রতিটি বাড়িতে বিএলও-দের সঙ্গে থেকে কাজ করতে হবে বুথ এজেন্টদের, যাতে কাউকে তালিকা থেকে বাদ না দেওয়া হয়।

ছবি: সংগৃহীত

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.