দার্জিলিঙের দুর্যোগে মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা, হোমগার্ডের চাকরিও একটি করে – ঘোষণা মুখ্যমন্ত্রীর
কলকাতা: দার্জিলিঙের প্রাকৃতিক দুর্যোগে মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য এবং পরিবারের এক জন সদস্যকে হোমগার্ডে চাকরির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে কলকাতা বিমানবন্দর থেকে তিনি এই ঘোষণা দেন।
মুখ্যমন্ত্রী জানান, ভুটান ও সিকিম থেকে ছাড়া অতিরিক্ত জল এবং ১২ ঘণ্টায় ৩০০ মিলিমিটার বৃষ্টি মিলিয়ে উত্তরবঙ্গের বন্যা “ম্যান-মেড” এবং প্রাকৃতিক দুর্যোগের মিশ্রণ। মিরিক ও নাগরাকাটায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি বললেন, “টাকা কখনও জীবনের বিকল্প হতে পারে না। এটা আমাদের সামান্য সামাজিক কর্তব্য।”
পর্যটকদের নিরাপদে পাহাড় থেকে নামানোর ব্যবস্থা করা হয়েছে। ৪৫টি ভলভো বাস এবং উত্তরবঙ্গ রাজ্য পরিবহণ দফতের বাস দিয়ে ২৫০ জনকে শিলিগুড়িতে রাখা হয়েছে। এছাড়া কমিউনিটি কিচেন শুরু হয়েছে মিরিক ও নাগরাকাটায়।
মুখ্যমন্ত্রী আরও বলেন, “উৎসব বড় নয়, মানবিকতাই বড়। দুর্গাপুজোর মধ্যেও আমাদের মানবিক দায়িত্ব পালন জরুরি।”