কোচবিহারে দুই দিনের সফরে মুখ্যমন্ত্রী, এসআইআর নিয়ে আশ্বস্ত করার বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়
রাজনৈতিক ও প্রশাসনিক কর্মসূচি নিয়ে সোমবার দুপুরে কোচবিহারে পৌঁছাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাম্প্রতিক সময়ে এসআইআর নিয়ে মানুষের উদ্বেগ দূর করতেই তিনি রাজ্যের বিভিন্ন জেলায় সফর শুরু করেছেন। এবার সেই ধারাবাহিকতায় উত্তরবঙ্গের কোচবিহার জেলা তাঁর কর্মসূচির কেন্দ্রবিন্দুতে।
সূত্রের খবর, দুপুরে পৌঁছে এদিন বিকেল চারটের সময়ে মুখ্যমন্ত্রী কোচবিহারের রবীন্দ্রভবনে প্রশাসনিক বৈঠকে যোগ দেবেন। জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, বকেয়া কাজ এবং বিপর্যয় মোকাবিলায় গৃহীত পদক্ষেপ—এসব বিষয় নিয়ে আলোচনা করবেন তিনি। প্রশাসনিক পর্যায়ে গুরুত্বপূর্ণ নির্দেশও দিতে পারেন মুখ্যমন্ত্রী।
মঙ্গলবার সকালে মুখ্যমন্ত্রী মদনমোহন মন্দিরে পূজা দিতে যেতে পারেন। এরপর রাসমেলা মাঠে তৃণমূল কংগ্রেসের বৃহৎ রাজনৈতিক সভায় বক্তব্য রাখবেন। এসআইআর নিয়ে মানুষের মনে যে আশঙ্কা তৈরি হয়েছে তা দূর করার লক্ষ্যে সভায় তিনি গুরুত্বপূর্ণ বার্তা দেবেন বলে রাজনৈতিক মহলের অনুমান।
গত কয়েক মাসে বন্যা ও ধসের কারণে বারবার উত্তরবঙ্গ সফর করলেও কোচবিহার পরিদর্শন বাকি ছিল। এবার সেই ঘাটতি পূরণ করতে মুখ্যমন্ত্রীর এই সফর গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বনগাঁ, মালদহ ও মুর্শিদাবাদে পূর্ববর্তী সভাগুলিতে মুখ্যমন্ত্রী বারবার বলেছেন—নাগরিকত্ব নিয়ে আতঙ্ক তৈরি করার চেষ্টা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, এবং তিনি মানুষের পাশে রয়েছেন ও থাকবেন।
রাজনৈতিক মহলের মতে, এসআইআর নিয়ে বিজেপির প্রচারের পাল্টা জবাব দিতেই তৃণমূল নেতৃত্ব সরাসরি রাজপথে নেমেছে। মুখ্যমন্ত্রী নিজেও বিভিন্ন সভায় বলেছেন,
“আমি ভোট চাইতে আসিনি। মানুষকে আশ্বস্ত করতে এসেছি। কেউ ভয় পাবেন না, কাউকে কোথাও পাঠানো হবে না।’’
এসআইআর-এর কাজ দ্রুতগতিতে চলায় ইতিমধ্যে মৃত্যুর ঘটনা বৃদ্ধি পাওয়া নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছে, তাতেও মুখ্যমন্ত্রী সরকারের সতর্কতার বার্তা দিয়ে আসছেন।
রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, এসআইআর-এর কাজ শেষ হওয়ার পর আগামী ফেব্রুয়ারির শেষ দিকেই নির্বাচন কমিশন রাজ্যের ভোটের সূচি ঘোষণা করতে পারে। সেই পরিস্থিতিতে তৃণমূল নেত্রী সংগঠনকে শক্তিশালী করা এবং কর্মীদের মনোবল বাড়াতেই জেলা সফরে জোর দিচ্ছেন।
উত্তরবঙ্গ সফর শেষে ১১ ডিসেম্বর মমতা বন্দ্যোপাধ্যায় একই বার্তা নিয়ে নদিয়ার কৃষ্ণনগরে আরেকটি সভা করবেন বলে জানা গিয়েছে।
ফাইল ছবি।